প্রস্তাব প্রত্যাখ্যান করেননি খালেদা: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে ফোন করেছেন। ফোনে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি যেকোনো বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করেননি।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, ‘উনাদের মধ্যে ৩৭ মিনিট কথা হয়েছে।’
প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাকে গণভবনের আসার জন্য ও নৈশভোজের জন্য দাওয়াত দিয়েছেন। বিরোধী দলের নেতা তাঁকে জানিয়েছেন, জোটের সঙ্গে আলোচনা করে তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।
আওয়ামী লীগের নেতা আশরাফ বলেন, ‘আমরা বিশ্বাস করি বিরোধী দলের নেতা আমন্ত্রণ গ্রহণ করবেন, গণভবনে আসবেন। সেখানেই আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে।’
শুধু বিএনপি, না ১৮ দলের জোটকে দাওয়াত দেওয়া হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আশরাফুল ইসলাম বলেন,  বিরোধী দলের নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর ‘ওয়ান টু ওয়ান’ আলোচনা হয়েছে। তবে প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলের নেতা যতজন নিয়ে আসতে চান, আসত পারেন। তিনি কতজন নিয়ে আসবেন, তা আগে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী। 

গণভবনে জামায়াত যেতে পারবে কি না, এমন প্রশ্নের উত্তরে সৈয়দ আশরাফ জানান, ‘জামায়াতকে দাওয়াত করা হয়নি।’