সব সরকারি চাকরিজীবীর অবসরের বয়স বাড়ানোর প্রস্তাব যাচ্ছে সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে। ২০ মে সংসদীয় কমিটির বৈঠকের আলোচ্যসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়স বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।ইতিমধ্যে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছে। এ নিয়ে অমুক্তিযোদ্ধা সরকারি চাকরিজীবীদের মধ্যে চাপা অসন্তোষ রয়েছে। জানা যায়, ২০০৮ সালের অক্টোবরে সচিব কমিটির সভায় বেসামরিক প্রশাসনের চাকরিজীবীদের অবসরের বয়স ৬০ বছরে উন্নীত করার প্রস্তাব অনুমোদন করা হয়। অবসরের বয়স বাড়ানোর জন্য গণকর্মচারী (অবসর) আইনের ৪ ধারা সংশোধন করে একটি অধ্যাদেশের খসড়াও কমিটির সভায় অনুমোদন করা হয়। তবে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অবসরের বয়স বাড়ানো হলে ৬৪ জন সচিবের বেশি সময় চাকরি করার সুযোগ তৈরি হবে। সরকারের ব্যয় বাড়বে। অধস্তন কর্মকর্তাদের ওই বাড়তি সময়ে পদোন্নতি হবে না, যা নতুন নিয়োগের ক্ষেত্রে অন্তরায় তৈরি করবে। ফলে বেকারত্ব বাড়বে। সূত্র জানায়, অবসরের বয়স বাড়ানোর যুক্তি হিসেবে বলা হয়, মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর, যা সাধারণভাবে সবার জন্য ২৭ থেকে ৩০ বছর করায় প্রকৃতপক্ষে তাঁদের চাকরির সময়কাল কমেছে। তাই অবসরের বয়স বাড়ানো হলে প্রকৃত চাকরির সময়কাল সঠিক হবে। সূত্র আরও জানায়, বিচারপতিদের অবসরের বয়স ৬৭ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৬৫ বছর করায় প্রজাতন্ত্রের কাজে নিয়োজিতদের বয়স বাড়ানো যৌক্তিক।