বন্য প্রাণী সংক্রান্ত সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত
প্রস্তাবিত আইন জীববৈচিত্র্য ধ্বংসের প্রক্রিয়া ত্বরান্বিত করবে
বন আইন ও বন্য প্রাণীসংক্রান্ত প্রস্তাবিত সংশোধিত আইন দুটি প্রণয়ন করা হলে তা জীববৈচিত্র্য ধ্বংসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। এ ছাড়া এতে বন্য প্রাণীর ওপর ব্যাপক ও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত সেমিনারে দেশের বিশিষ্ট বন ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞরা এ কথা বলেছেন।সেমিনারে বন্য প্রাণী বিশেষজ্ঞ রেজা খান বলেন, প্রস্তাবিত আইনে বন্য প্রাণী সংরক্ষিত এলাকায় সহব্যবস্থাপনা, কমিউনিটি কনজারভেশন এরিয়া বা সাফারি পার্ক, ইকোপার্ক, ল্যান্ডস্কেপ জোন বা করিডর, বাফার জোন ইত্যাদির যে প্রস্তাব আছে, তা বন্য প্রাণী সংরক্ষণের পরিপন্থী। এসব যদি করতেই হয়, তবে তা হবে সংরক্ষিত এলাকার বাইরে নতুন করে ঘোষিত সংরক্ষিত বা অশ্রেণীভুক্ত বা অধিগ্রহণকৃত এলাকার বনে।রেজা খান বলেন, এ আইনে দেশি ও বিদেশি বন্য প্রাণী বা জীববৈচিত্র্য সম্পদ নিয়ে ব্যবসা করার যে ধারা-উপধারা সংযোজন করা হয়েছে, তা কেবল তখনই সম্ভব, যখন এসব বিষয় তত্ত্বাবধান করার উপযুক্ত একটি সম্পূর্ণ আলাদা ‘বন্য প্রাণী বা জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিভাগ’ সৃষ্টি করা হবে। এ ছাড়া এ ধরনের নতুন বিষয়ে গভীর পর্যবেক্ষণ ও পর্যালোচনার পরই কোনো ধারা-উপধারা সংযোজন করা উচিত।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যেকোনো আইন পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নেওয়া হয়। বন আইনের ক্ষেত্রে বন বিভাগ এককভাবে এর বিভিন্ন ধারা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনটি বর্তমান অবস্থায় অনুমোদন করা হলে দেশের সব প্রাকৃতিক বনে সামাজিক বনায়ন করা যাবে। এতে প্রাকৃতিক বন ধ্বংস হয়ে জীববৈচিত্র্য নষ্ট হবে।বণ্য প্রাণী সংরক্ষণ আইনেও ইকোট্যুরিজম করার ধারা যুক্ত করা হয়েছে। বন বিভাগের শাস্তি দেওয়ার ক্ষমতা বাড়ানো হয়েছে। এতে আদিবাসীদের ওপর আরও বেশি হয়রানিমূলক মামলা করার সুযোগ পাবে বন বিভাগ। সেমিনারে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বন্য প্রাণী বিশেষজ্ঞ আনিসুজ্জামান খান, আইনজীবী সুব্রত চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান।