প্রস্তাবিত আশ্রয়ণ প্রকল্পের জমি দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নে একটি প্রস্তাবিত আশ্রয়ণ প্রকল্পের ৩৮ শতাংশ জমি স্থানীয় এক ব্যবসায়ী দখলে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, বালিয়াতলী ইউনিয়নের আমতলী-নিমতলী গ্রামের খাস খতিয়ানভুক্ত ১৭৮৬ দাগের ৬৩ শতাংশ জমি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। গত বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা সরেজমিনে যাচাই করে সেখানে আশ্রয়ণ প্রকল্প করার সিদ্ধান্ত নেন। ওই জমির ৩৮ শতাংশ গত বছরের ১৪ অক্টোবর পাউবোর কাছ থেকে তিন বছরের জন্য ইজারা নেন বরগুনা শহরের ব্যবসায়ী স্বপন সাহা। এ কারণে গত বছরের ২৬ ডিসেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে ওই জমির ইজারা বাতিল করার অনুরোধ জানিয়ে চিঠি দেন।স্বপন সাহা বলেন, ‘ওই জমি আমার বাবার কাছ থেকে পাউবো অধিগ্রহণ করেছিল। এরপর তা আমি তিন বছরের জন্য ইজারা নিয়েছি। মাটি কেটে সেখানে চাষ করার জন্য জমি প্রস্তুত করেছি। ওই জমিতে আশ্রয়ণ প্রকল্প করার ব্যাপারে আমি সংশ্লিষ্ট কার্যালয়ে আপত্তি দিয়েছি।’ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা জমি ইজারা বাতিল ও শ্রেণী পরিবর্তন বা অন্য কোনো ক্ষতি না করার জন্য পাউবোর নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়েছি।’পাউবোর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দীন আহাম্মদ বলেন, ‘ওই জমিতে আশ্রয়ণ প্রকল্প করার ব্যাপারে একটি চিঠি পেয়েছি। কিন্তু ইজারা বাতিলের ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’ জমিতে মাটি কাটার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত শাখা কর্মকর্তাকে পাঠিয়ে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হবে। সত্যতা পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।