প্রস্তাবিত ঘুমধুম স্থলবন্দর এলাকা আজ পরিদর্শন করবেন নৌপরিবহনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আজ শুক্রবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির প্রস্তাবিত ঘুমধুম স্থলবন্দর এলাকা পরিদর্শন করবেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরওয়ার কামাল বলেন, শুক্রবার সকালে প্রস্তাবিত ঘুমধুম স্থলবন্দরের জায়গা পরিদর্শন করবেন নৌপরিবহনমন্ত্রী। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, প্রস্তাবিত স্থলবন্দরের জায়গা পরিদর্শন ছাড়াও মন্ত্রী শাজাহান খান নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় যোগ দেবেন।
প্রশাসন সূত্র জানায়, ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া এলাকায় (বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতুর পাশে) প্রস্তাবিত স্থলবন্দরের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন, এখানে স্থলবন্দর করা হলে উখিয়া ও নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রায় চার লাখ মানুষ লাভবান হবে। সীমান্ত চোরাচালান বন্ধ হবে।
এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা এলাকায় স্থলবন্দর স্থাপনের দাবিতে গতকাল মানববন্ধন করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, ঘুমধুমের বদলে চাকঢালায় স্থলবন্দর হলে সেটি বেশি লাভজনক হবে।
দুপুর ১২টায় উপজেলা সদরের আমতলী এলাকায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি নূরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদুল আলম।
বক্তারা বলেন, চাকঢালায় স্থলবন্দর হলে ঘুমধুমের চেয়ে চট্টগ্রামের সঙ্গে দূরত্ব ৫০ কিলোমিটার কম হবে। এ সীমান্ত পয়েন্টের উভয় পাশের সড়ক যোগাযোগও অত্যন্ত ভালো। এ জন্য চাকঢালায় আরেকটি বন্দর করা হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।