প্রস্তাবিত ‘বাংলাদেশ সিভিল আইন, ২০১০’ কার্যকর হলে জনপ্রশাসনে রাজনৈতিকীকরণ আরও দৃঢ় হবে। একই সঙ্গে প্রশাসন ব্যাপক মাত্রায় দুর্নীতিতে জড়িয়ে পড়বে।গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জনপ্রশাসন সংস্কারসংক্রান্ত এক গোলটেবিল আলোচনায় এ আশঙ্কা প্রকাশ করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ।সরকার সম্প্রতি সিভিল সার্ভিস আইন সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগ সম্পর্কে নাগরিক সমাজের মতামত তুলে ধরার জন্য সুজন এ আলোচনার আয়োজন করে।আলোচনায় অংশ নিয়ে প্রায় সব বক্তা বলেন, জনপ্রশাসনে অদক্ষতার মূলে রয়েছে দলীয়করণ বা রাজনৈতিকীকরণ। প্রশাসনে মেধাশূন্যতা, বিশৃঙ্খলা ও গতিহীনতার জন্য রাজনৈতিকীকরণই বহুলাংশে দায়ী। তাঁরা বলেন, দলীয়করণমুক্ত প্রশাসন সৃষ্টিই সংস্কারের লক্ষ্য হওয়া উচিত।সভাপতির বক্তব্যে মোজাফ্ফর আহমদ বলেন, আওয়ামী লীগের দিনবদলের সনদে ঘোষণা করা হয়, ‘দলীয়করণমুক্ত অরাজনৈতিক গণমুখী প্রশাসন প্রতিষ্ঠা করা হবে। যোগ্যতা, জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে সব নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা হবে। প্রশাসনিক সংস্কার, তথ্য অধিকার প্রতিষ্ঠা, ই-গভর্ন্যান্স চালু করা হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী বেতনকাঠামো গঠন করা হবে।’ মোজাফ্ফর আহমদ বলেন, ‘সরকারের এই প্রত্যয় আমাদের মনে আশার সঞ্চার করেছে, তবে জনপ্রশাসনের ধারা ক্রমাগত অবনতি হতে দেখছি আমরা।’ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, বিএনপি ১৯৯১ সালে ক্ষমতায় এসে প্রশাসনে রাজনৈতিকীকরণের প্রক্রিয়া শুরু করে। এরপর আওয়ামী লীগ, বিএনপি ঘুরেফিরে ক্ষমতায় এসে প্রতিযোগিতামূলকভাবে প্রশাসনকে দলীয়করণ করছে। তিনি বলেন, আইন করে এ অবস্থা থেকে মুক্তি মিলবে না। এর জন্য রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন।‘জনপ্রশাসন সংস্কার, সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক ভাবনা’ শীর্ষক প্রবন্ধে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জনপ্রশাসন সংস্কারে খসড়া আইনের অনেকগুলো সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রস্তাবিত সিলেকশন বোর্ডের বিধান প্রশাসনকে নগ্নভাবে দলীয়করণের আশঙ্কা আছে। প্রস্তাবিত আইনে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ব্যাপারে সরকারের অনুমতির বিধান রাখা হয়েছে, যা দুর্নীত রোধে ব্যত্যয় ঘটাবে।সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার কর্মকর্তাদের ওএসডি না করা এবং পদোন্নতি ছাড়া অন্তত দুই থেকে তিন বছরের আগে বদলি না করার পরামর্শ দেন। তিনি পাবলিক সার্ভিস কমিশনকে শক্তিশালী করার ওপর জোর দেন। আলোচনায় অন্যান্যের মধ্যে সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেন, গবেষক সৈয়দ আবুল মকসুদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, পিএটিসির সাবেক রেক্টর শেখ মকসুদ আলী, সাবেক সচিব আবদুল লতিফ মণ্ডল, পিএসসির সাবেক সদস্য হামিদা বানু, নায়েমের সাবেক মহাপরিচালক মো. আনোয়ারুল হক প্রমুখ অংশ নেন।