প্রস্তাবিত জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবি শিক্ষক সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেকশন গ্রেডের বিধান বহাল রেখে প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামো পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। গতকাল সোমবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল আহসান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক রাশিদ আসকারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের বেতন স্কেল সিনিয়র সচিবদের স্কেলের সমপরিমাণ, অধ্যাপকদের বেতন স্কেল সচিবদের বেতন স্কেলের সমপরিমাণ করাসহ আনুপাতিক হারে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন স্কেল পুনর্নির্ধারণ করতে হবে।
একই সঙ্গে প্রস্তাবিত সব গ্রেডে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রদেয় প্রান্তিক সুবিধা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্যও প্রযোজ্য করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রস্তাবিত এ বেতনকাঠামোয় শিক্ষকদের পেশাগত স্বার্থ তুলনামূলকভাবে সংরক্ষিত হয়নি। বিবৃতিতে শিক্ষক নেতারা জাতীয় বেতন কমিশন এবং সচিব কর্তৃক প্রস্তাবিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অষ্টম জাতীয় বেতনকাঠামোতে সিলেকশন গ্রেডের বিধান বাতিল করায় ক্ষোভ ও প্রস্তাবিত অষ্টম বেতনকাঠামো বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।