জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবাদ
প্রস্তাবিত জাতীয় বেতনকাঠামো শিক্ষকদের জন্য অসম্মানজনক
প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামোয় শিক্ষকদের জন্য করা সুপারিশকে অনাকাঙ্ক্ষিত ও অসম্মানজনক বলে অভিহিত করেছেন শিক্ষকেরা। গতকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন করেন শিক্ষকেরা। সেখানে ফরাসউদ্দিন কমিশনের সুপারিশে উল্লিখিত ‘আর্থিকভাবে সম্পূর্ণ স্বাবলম্বী না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বেতনকাঠামো প্রণয়ন যুক্তিযুক্ত হবে না’—অংশটি বাতিলের দাবি জানিয়ে গণিত বিভাগের শিক্ষক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, ‘এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নীতির পরিপন্থী। এর ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে।’
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণিত বিভাগের অধ্যাপক মো. শরিফ উদ্দিন, ইতিহাস বিভাগের এ টি এম আতিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. শাহেদুর রশিদ।
এরপর দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করেন শিক্ষকেরা। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনকাঠামো আগের বেতনকাঠামোর তুলনায় চার ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এটা শিক্ষকদের জন্য অনাকাঙ্ক্ষিত ও অসম্মানজনক। এই বেতনকাঠামো প্রত্যাখ্যান করছেন শিক্ষকেরা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি মো. খবির উদ্দিন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম বদিয়ার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।