প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনে আরও স্পষ্টতা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন ও আরও স্পষ্টতা প্রয়োজন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল শনিবার আইনি পর্যালোচনা: প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা বিল এবং নাগরিক অধিকার শীর্ষক এক আলোচনা সভায় বেশ কয়েকজন বক্তা এই মত দিয়েছেন। মৌলিক অধিকার সুরক্ষা কমিটি ওই আলোচনা সভার আয়োজন করে।
সভাপতির বক্তব্যে কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, সাইবার অপরাধ সম্পর্কে একটি আইন দরকার। কারণ, এখন সাইবার অপরাধ হচ্ছে। খসড়াটার প্রায় ৯০ ভাগই অগ্রণযোগ্য। এই আইনটাকে নতুন করে করতে হবে। এটাকে ঘষামাজা করে হবে না।
আলোচনায় অংশ নিয়ে আর্টিকেল ১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা বিলের (খসড়া আইনের) বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এখানে সাইবার টেররিজম বিষয়ে আলাদা করে বলা হয়েছে। এটিকে অপরাধ হিসেবে বলা হচ্ছে। অনেকগুলো কাজকে সাইবার টেররিজমের আওতায় আনা হয়েছে। কিন্তু সেগুলো স্পষ্ট নয়। সাইবার টেররিজমের আওতায় যে অপরাধগুলোকে আনা হয়েছে, এর সঙ্গে টেররিজমের কী সম্পর্ক, তাও স্পষ্ট নয়।
তাহমিনা রহমান বলেন, প্রস্তাবিত আইনের ১৮ ধারায় পর্নোগ্রাফি ও শিশু পর্নোগ্রাফি বিষয়ে বলা আছে। পর্নোগ্রাফি বিষয়ে একটি আইন আছে। এখানে আবার ডিজিটাল পর্নোগ্রাফি আনা হলে ওই আইনের সঙ্গে সংঘাত তৈরি হতে পারে। এই আইনটি যথেষ্ট সমৃদ্ধ করার সুযোগ রয়েছে বলে মনে করেন।
নাগরিক অধিকারের প্রেক্ষাপটে দেখলে এই আইনটি করার প্রয়োজন নেই বলে মত দেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলেন, প্রস্তাবিত আইনের ৩ ধারায় বলা হয়েছে, অন্যান্য আইন ও বিধির সম্পূরক হিসেবে এটি থাকছে। সম্পূরক কেন, প্রয়োজন হলে ২০০৬ সালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনসহ অন্য আইন সংশোধন করা যেতে পারে।