প্রস্তাবিত নাগরিকত্ব আইন অপব্যবহার হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত নতুন নাগরিকত্ব আইনকে নিবর্তনমূলক হিসেবে অভিহিত করেছেন আইনজীবী ও বিশেষজ্ঞরা। এই আইনের একটি ধারার অপব্যবহার হতে পারে এবং তা রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তাঁরা এসব কথা বলেন। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি রিসার্চ মুভমেন্ট (রামরু) এই সভার আয়োজন করে।
সভায় আইনজীবী সারা হোসেন বলেন, আইনের ২০ ধারায় বলা হয়েছে, কারও কাজে বা আচরণে বাংলাদেশের সার্বভৌমত্ব বা বাংলাদেশের সংবিধানের প্রতি আনুগত্যহীনতা প্রকাশ পেলে তাঁর নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। তিনি বাংলাদেশের প্রতি আনুগত্য প্রত্যাহার করেছেন, এমন তথ্য পাওয়া গেলেও তাঁর নাগরিকত্ব বাতিল হবে। কিন্তু আনুগত্য কীভাবে মূল্যায়ন করা হবে, সে কথা বলা হয়নি। কেবল পুলিশ নয়, যেকোনো ব্যক্তিই নাকি এই আইনের অধীনে মামলা করতে পারবেন। এটি কি তবে মানুষকে হয়রানি করার জন্য?
আইনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারক, জাতীয় সংসদ সদস্য বা সাংবিধানিক পদে অধিষ্ঠিত বা শৃঙ্খলা বাহিনীর সদস্য বা প্রজাতন্ত্রের অসামরিক কর্মে নিয়োজিত থাকার সময়ে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা যাবে না। এই অংশ তুলে ধরে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, তাহলে তো অনেক সাংসদেরই সদস্যপদ থাকার কথা নয়। তিনি আরও বলেন, মানুষের কল্যাণে নয়, রাজনৈতিক ক্ষমতা স্থায়ী করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আইন করা হচ্ছে। কাউন্সিল অব মাইনোরিটিসের প্রধান নির্বাহী খালিদ হোসেন বলেন, বাংলাদেশে বসবাসরত যেসব উর্দুভাষী এখানে জন্মেছেন এবং ভোটার পরিচয়পত্র পেয়েছেন, এই আইনের ফলে তাঁদের কী হবে?
রামরুর সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার বলেন, এই আইন অনেককেই রাষ্ট্রহীন করে তুলবে। যাঁরা এই আইন করেছেন, তাঁরা সংবিধান বিবেচনায় নেননি। কারণ, সেখানে সব নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে। বেসরকারি সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান বলেন, আইসিটি আইন, সম্প্রচার নীতিমালার মতো এই নাগরিকত্ব আইন কালো আইন হতে যাচ্ছে।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, কেউ যদি মনে করেন, কোনো আইন কাউকে শক্তিশালী করবে, সেটা তাঁদের বিরুদ্ধেই যেতে পারে।
ইউএনএইচসিআরের আঞ্চলিক সুরক্ষা কর্মকর্তা নিকোলাস ওকশাট বলেন, ‘বর্তমান পৃথিবীতে প্রায় এক কোটি লোক আছে, যাদের কোনো রাষ্ট্র নেই। এর একটা বড় কারণ বিভিন্ন দেশের নাগরিকত্ব আইন। ২০২৪ সালের মধ্যে আমরা এই সমস্যা সমাধান করতে চাই।’