প্রস্তাবিত নাগরিক আইনকে নিবর্তনমূলক বলে অভিহিত করেছেন আইনজীবী ও বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আইনের ২০ ধারায় বলা হয়েছে, কারও কোনো কাজে বা আচরণে বাংলাদেশের সার্বভৌমত্ব বা বাংলাদেশের সংবিধানের প্রতি আনুগত্যহীনতা প্রকাশ পেলে তাঁর বাংলাদেশের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। এমনকি তিনি বাংলাদেশের প্রতি আনুগত্য প্রত্যাহার করেছেন, এমন তথ্য পাওয়া গেলেও তাঁর নাগরিকত্ব বাতিল হবে। কিন্তু কীভাবে এটি মূল্যায়ন করা হবে, সে কথা বলা হয়নি।
আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত পরামর্শ সভায় তাঁরা এ কথা বলেন। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি রিসার্চ মুভমেন্ট (রামরু) এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানে আইনজীবী সারা হোসেন বলেন, বাংলাদেশের প্রতি আনুগত্য প্রত্যাহার করেছেন, এমন তথ্য পেলেই একজনের নাগরিকত্ব চলে যাবে। এটা কী করে প্রমাণ হবে তিনি বাংলাদেশবিরোধী? কেবল পুলিশ নয়, যেকোনো ব্যক্তিই নাকি এই আইনের অধীনে মামলা করতে পারবেন। এটি কি তবে মানুষকে হয়রানি করার জন্যও করা হবে না? এ ছাড়া আইনের একটি ঘোষণায় প্রতিটা আইন মেনে চলার ঘোষণা সংযুক্ত করা হয়েছে। কেউ যদি সম্প্রচার আইন বা তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে সমালোচনা করেন, তাহলে কি তাঁর নাগরিকত্ব থাকবে না? আইনে বলা হয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে কেউ যুদ্ধ করে থাকলে তাঁর নাগরিকত্ব থাকবে না। তবে পার্বত্য চট্টগ্রামের যারা আন্দোলন করেছে, তাদের কি নাগরিকত্ব চলে যাবে?
আইনের ৫ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে জন্মগ্রহণ করলেও বাংলাদেশের নাগরিক হবেন, যদি তাঁর বাবা-মা এই আইন কার্যকর হওয়ার আগে বাংলাদেশের নাগরিক হন। এ জন্য সন্তান জন্মানোর দুই বছরের মধ্যে ওই দূতাবাস বা মিশনের কার্যালয়ে নাম নিবন্ধন করতে হবে। তা না হলে ওই সন্তান জন্মগ্রহণ সূত্রে বাংলাদেশের নাগরিক বলে বিবেচ্য হবেন না। আর ৬ ধারায় প্রবাসীদের ক্ষেত্রে বলা হয়েছে, বিদেশে বাস করলে তাঁর আবেদনের ভিত্তিতে তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করতে পারবেন, যদি তাঁর বাবা-মা, দাদা বা নানা বিদেশি নাগরিকত্ব গ্রহণের আগে বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন। তবে এই নাগরিকেরা বাংলাদেশের জাতীয় সংসদ বা স্থানীয় কোনো নির্বাচন করতে পারবেন না। এ ছাড়া রাষ্ট্রপতি, বিচারকসহ প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগ পাবেন না, এমনকি রাজনৈতিক সংগঠনও করতে পারবেন না।
বিষয়টির সমালোচনা করে আলোচকেরা বলেন, কেউ যদি এখন বিদেশে যান এবং তাঁর সন্তান জন্ম হয়, তাহলে সেই সন্তান বাংলাদেশের নাগরিক হবেন অথচ বাংলাদেশে নির্বাচন করতে পারবেন না, এটি সংবিধানের পরিপন্থী।
আইনের ৮-এর ২(১) ধারায় বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারক, জাতীয় সংসদ সদস্য বা সাংবিধানিক পদে অধিষ্ঠিত বা শৃঙ্খলা বাহিনীর সদস্য বা প্রজাতন্ত্রের অসামরিক কর্মে নিয়োজিত থাকার সময়ে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা যাবে না। এই অংশ তুলে ধরে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, তাহলে তো অনেক সাংসদেরই সদস্যপদ থাকার কথা নয়। তিনি আরও বলেন, মানুষের কল্যাণে নয়, রাজনৈতিক ক্ষমতা স্থায়ী করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আইন করা হচ্ছে।
আইনের ১২ ধারায় বলা হয়েছে, কোনো ভূখণ্ড বাংলাদেশের অংশ হিসেবে সংযোজিত হলে বা অন্তর্ভুক্ত হলে সেখানকার অধিবাসীরা নাগরিক হতে পারবেন। তবে কারা নাগরিক হবেন, সেই তালিকা সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করবে এবং এই তালিকার লোকজনই নাগরিক হতে পারবেন। এর সমালোচনা করে ছিটমহল আন্দোলনের নেতা এস এম ইউনুস বলেন, যাঁদের নাম বাদ গেছে গেজেট থেকে, তাঁরা কি তবে নাগরিক হতে পারবেন না?
কাউন্সিল অব মাইনোরিটিসের প্রধান নির্বাহী খালিদ হোসেন বলেন, ‘এই আইনের ফলে বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীরা যাঁরা এখানে জন্মেছেন এবং ভোটার পরিচয়পত্র পেয়েছেন, তাঁদের কী হবে?
রামরুর সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার বলেন, এই আইনে অনেককেই রাষ্ট্রহীন করে তুলবে। যারা এই আইন করেছে, তারা সংবিধান বিবেচনায় নেয়নি। কারণ, সেখানে সব নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে।
বেসরকারি সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান বলেন, আইসিটি আইন, সম্প্রচার নীতির মতো এই নাগরিকত্ব আইন কালো আইন হতে যাচ্ছে।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান বলেন, কেউ যদি মনে করেন কোনো আইন কাউকে শক্তিশালী করবে, সেটা তাদের বিরুদ্ধেই যেতে পারে।
ইউএনএইচসিআরের আঞ্চলিক সুরক্ষা কর্মকর্তা নিকোলাস ওকশাট বলেন, ‘বর্তমান পৃথিবীতে প্রায় এক কোটি লোক আছে, যাদের কোনো রাষ্ট্র নেই। এর একটা বড় কারণ বিভিন্ন দেশের নাগরিকত্ব আইন। ২০২৪ সালের মধ্যে আমরা এই সমস্যা সমাধান করতে চাই।’