প্রস্তাবিত নীতিমালায় প্রচারমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: আসক
প্রস্তাবিত জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলেছে, এই নীতিমালা দিয়ে সম্প্রচারমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসক এই উদ্বেগ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে আসক বলেছে, সরকারের একক হস্তক্ষেপ সম্প্রচারমাধ্যমের স্বাধীনতাকে চরমভাবে বাধাগ্রস্ত করার একটি আনুষ্ঠানিক হাতিয়ারে পরিণত হতে পারে। গতকাল প্রথম আলোয় প্রস্তাবিত সম্প্রচার নীতিমালা নিয়ে ‘সম্প্রচার নীতিমালায় শেষ কথা সরকারের’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তথ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, নীতিমালার খসড়াটি অনুমোদনের জন্য আজ সোমবার মন্ত্রিসভায় ওঠার কথা রয়েছে।
আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদিত হলে সম্প্রচার কমিশন প্রতিষ্ঠা ও এ-সম্পর্কিত আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে। গণমাধ্যমসূত্রে আরও জানা যায়, তথ্য মন্ত্রণালয় সম্প্রচার-সম্পর্কিত সব সিদ্ধান্ত গ্রহণ ও শাস্তি বিধান করার ক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত হবে। বিজ্ঞপ্তিতে আসক সংবিধান ও গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে অসংগতিপূর্ণ আইন বা নীতিমালা না করার দাবি জানায়।