প্রস্তাবিত বন আইন আদিবাসীদের হয়রানি বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীরা মনে করে, প্রস্তাবিত বন ও বন্য প্রাণী সংরক্ষণ আইন আদিবাসীদের নতুন করে হয়রানির মধ্যে ফেলবে। গত সোমবার জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে আদিবাসী নেতারা এ আশঙ্কার কথা জানান।সংবাদ সম্মেলনে বলা হয়, আদিবাসী ও বনজীবীদের সঙ্গে আলোচনা ছাড়াই ‘অধিকতর সংশোধনকল্পে প্রণীত বন আইন ১৯২৭’ এবং ‘বন্য প্রাণী সংরক্ষণ আইন, ২০১০’ প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত এ আইন দুটির কারণে আদিবাসীরা নতুন করে হয়রানির শিকার হবে। আদিবাসী নেতারা প্রস্তাবিত আইনে আদিবাসীদের ভূমি, জলাধার ও চলাচলের প্রথাগত অধিকারগুলোর আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানান। জনমত উপেক্ষা করে আইন প্রণয়ন করা হলে আদিবাসীরা আন্দোলনে নামবে। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার বন ও বন্য প্রাণী সংরক্ষণ এবং আদিবাসীদের স্বীকৃতি দেবে বলে নির্বাচনী ইশতেহারে বলেছিল, তবে এখন সেগুলো পালন করছে না। নেতারা স্থানীয় আদিবাসী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আইন প্রণয়নের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান, সেক্রেটারি জেনারেল জি পি সুছিয়াং, সদস্য জনক দেব বর্মা প্রমুখ। বিজ্ঞপ্তি।