প্রস্তাবিত বাজেট সংশোধন করতে হবে: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটের প্রয়োজনীয় সংশোধনের দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, পদ্ধতিগত ভুলের কারণে সরকারের ভেতর থেকেও প্রস্তাবিত বাজেটের সমালোচনা হচ্ছে। বাজেট সম্পর্কে ইতিমধ্যে বিভিন্ন জন যেসব মতামত দিয়েছেন, তার প্রতি সম্মান রেখে প্রস্তাবিত বাজেট সংশোধন করতে হবে।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. কামাল এসব কথা বলেন। তিনি ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক ধার্য এবং বিচার বিভাগে বরাদ্দ কমানোর সমালোচনা করেন।

কামাল হোসেন বলেন, আলোচনা করে, ঐকমত্যের ভিত্তিতে বাজেট করলে তা বাস্তবায়নও সহজ হতো।

এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আইনের শাসন অপরিহার্য। কেবল নির্বাচন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। এটা নির্ভর করে নির্বাচনে বিজয়ীরা কীভাবে শাসনব্যবস্থা পরিচালনা করেন তার ওপর। তিনি বলেন, বহু দল বহু মত থাকবে, কিন্তু মৌলিক বিষয়ে, সংবিধানের ব্যাপারে কোনো বিতর্কের অবকাশ নেই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। তিনি বলেন, এ বাজেটের প্রাথমিক দুর্বলতা হচ্ছে, ভুক্তভোগী জনগণের স্বার্থ বিবেচনার লক্ষ্যে বিভিন্ন মহলের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা না করে বাজেট প্রস্তাব করা হয়েছে। ঢালাওভাবে ১৫ শতাংশ ভ্যাট আদায়ের বিষয়ে প্রায় সব মহল থেকে আপত্তি উঠেছে।

সুব্রত চৌধুরী বলেন, বাজেটে বিচার বিভাগের প্রতি বিমাতাসুলভ আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে। গত অর্থবছরের বাজেটে যেখানে বিচার বিভাগের খাতে বরাদ্দ ছিল ১ হাজার ৫৯১ কোটি টাকা, সেখানে চলতি অর্থবছরে প্রস্তাবিত বরাদ্দ কমিয়ে ১ হাজার ৫৮৫ কোটি টাকা করা হয়েছে। বিচার বিভাগের মতো শিক্ষা খাতেও বরাদ্দ কমিয়ে ৪৮ হাজার ৯০৬ কোটি টাকা থেকে ৪৫ হাজার ১৬৩ কোটি টাকা করা হয়েছে। এ বাজেট টেকসই উন্নয়নের স্বার্থে কতিপয় চ্যালেঞ্জ সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে।

সংবাদ সম্মেলনে গণফোরামের নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন (মন্টু), সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।