প্রস্তাবিত অষ্টম বেতনকাঠামো বাতিল, তা পুনর্নির্ধারণ এবং অনতিবিলম্বে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো ঘোষণার দাবিতে দেশের পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা একযোগে কর্মবিরতি পালন করেছেন। পালন করা হয় অবস্থান ধর্মঘট কর্মসূচিও।
গতকাল সোমবার নিজ নিজ বিশ্ববিদ্যালয় এলাকায় বেলা ১১টা থেকে একটা পর্যন্ত শিক্ষকেরা ওই সব কর্মসূচি পালন করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে পালন করা হয় এ কর্মসূচি। তবে কর্মসূচিকালে পরীক্ষাসংক্রান্ত দায়িত্বে থাকা শিক্ষকেরা কর্মবিরতিতে অংশ নেননি।
ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে এসব তথ্য জানান। এ ছাড়া প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা ১২টি বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালিত হওয়ার তথ্য সংগ্রহ করতে পেরেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বেলা ১১টায় কর্মবিরতির মধ্য দিয়ে কলা ভবনের সামনের বটতলায় অবস্থান ধর্মঘট শুরু করেন। ওই ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষকদের সম্মান কমিয়ে, শিক্ষার্থীদের বরাদ্দ না বাড়িয়ে কোনো দেশ উন্নতি করতে পারে না। এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকেরা ঘরে ফিরে যাবেন না বলে ঘোষণা দেন।
ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল অবস্থান কর্মসূচি সঞ্চালনা করেন। এ সময় শিক্ষকেরা তাঁদের জন্য আলাদা বেতনকাঠামো প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যবর্তী সময়ে ঘোষিত বেতনকাঠামো পুনর্নির্ধারণ, সব বৈষম্য দূর করে সিলেকশন গ্রেড অধ্যাপকদের বেতন-ভাতা বেতনকাঠামোর সর্বোচ্চ স্থানে রাখা এবং অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের পর্যায়ক্রমপরবর্তী গ্রেডগুলোতে রাখার দাবি জানান। অন্য সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও একই দাবি ছিল।
খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান অংশ নিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ১৫ বছর ধরে স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়ে আসছেন। দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সামরিক বাহিনীর জন্য পৃথকভাবে স্বতন্ত্র বেতন স্কেলের সুপারিশ করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে শিক্ষকেরা কর্মসূচি পালন করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন বলেন, চলতি মাসের মধ্যে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো তৈরিতে নতুন কমিশন গঠন করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন ও বিভিন্ন অনুষদের ডিনরা বক্তব্য দেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে অবস্থান করেন। সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা এতে নেতৃত্ব দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অবস্থান করেন বুদ্ধিজীবী চত্বরে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আবুল মনছুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসীর সঞ্চালনায় বিভিন্ন অনুষদের শিক্ষকেরা বক্তব্য দেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে কর্মসূচি পালন করে। সমিতির সভাপতি খন্দকার শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরদারের সঞ্চালনায় অবস্থান ধর্মঘটে বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. সৈয়দ সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪-এর সামনে অবস্থান ধর্মঘট করেন এখানকার শিক্ষকেরা। শিক্ষক সমিতির সভাপতি আর এম হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের নিচতলার করিডরে শিক্ষকেরা অবস্থান ধর্মঘট পালন করেন। শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এ সময় বক্তব্য দেন সমিতির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক এ এইচ এম আক্তরুল ইসলাম প্রমুখ।
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কর্মসূচি পালন করেন। সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও কর্মসূচি পালন করেন।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন ময়মনসিংহ অফিস ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, গাজীপুর প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক, রংপুর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)