আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রস্তাবিত মোট ৬৭৪টি ভোটকেন্দ্রের অবকাঠামোগত ও ভোট গ্রহণের সুযোগ-সুবিধা যাচাই শুরু করেছেন নির্বাচন কর্মকর্তারা। গতকাল শুক্রবার দিনভর নির্বাচন কর্মকর্তাদের ছয়টি দল সরেজমিনে অনেক ভোটকেন্দ্র পরিদর্শন করে এসব যাচাই করেন। জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে ছয়জন সহকারী রিটার্নিং কর্মকর্তা ছয়টি দলে ভাগ হয়ে নিজেদের আওতাধীন প্রস্তাবিত ভোটকেন্দ্রগুলো পরিদর্শন শুরু করেন। রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলীও কেন্দ্রগুলোতে যান। আজ শনিবার তাঁরা অবশিষ্ট কেন্দ্রগুলো যাচাই করবেন। যাচাইয়ের পর ভোটকেন্দ্র চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে।নির্বাচন কর্মকর্তারা জানান, এসব কেন্দ্রের ভোট কক্ষ ব্যবহারযোগ্য কি না, বাথরুম সুবিধা, ভোটকেন্দ্রে প্রবেশ ও সেখান থেকে বের হওয়ার সুপ্রশস্ত পথ আছে কি না, এসব খতিয়ে দেখা হচ্ছে। আগামী ১৭ জুন ভোটের দিন বৃষ্টি হলে কোনো কেন্দ্রে জলাবদ্ধতা কিংবা ছাদ চুইয়ে পানি পড়বে কি না, ভোটাররা ভোট দেওয়ার সময় কোনো সমস্যায় পড়বেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।