শিক্ষানীতি ও প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ বাতিল এবং ইসলামবিরোধী পাঠ্যবই সংশোধনের দাবিতে গতকাল সোমবার চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম।
চট্টগ্রাম জেলা প্রশাসক উপস্থিত না থাকায় তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক দৌলতুজ্জামান। হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর পক্ষে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মঈনুদ্দি রুহী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক ইলিয়াছ ওসমানী প্রমুখ।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, শিক্ষা মন্ত্রণালয় ধর্মীয় শিক্ষাকে শুধু সংকোচনই করেনি, বরং ইসলামধর্মবিষয়ক এবং মুসলিম সংস্কৃতির প্রতি উদ্দীপনামূলক গল্প-রচনা ও কবিতাগুলো বাদ দিয়েছে।
এতে বলা হয়, ‘আমরা অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা ইসলামের শিক্ষা। প্রশাসনিক ও আইনশৃঙ্খলার বিভিন্ন পদে আনুপাতিক হারে সংখ্যালঘুদের উপস্থিতি থাকার বিরোধী নই আমরা। কিন্তু রহস্যজনকভাবে জাতীয় শিক্ষা কার্যক্রমসহ সরকারের বিভিন্ন শীর্ষ ও অতিগুরুত্বপূর্ণ পদে উচ্চহারে সংখ্যালঘুদের নিয়োগ ও পদায়ন অবশ্যই উদ্বেগ তৈরি হওয়ার মতো বিষয়।’
স্মারকলিপিতে দ্বিতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন পাঠ্যবইয়ে কী কী বিষয়ের লেখা বাদ দিয়ে কী কী লেখা প্রতিস্থাপন করা হয়েছে, তার বিবরণ তুলে ধরা হয়।