জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদন ছাড়াই স্বাধীনভাবে ‘সহায়ক বই’ প্রকাশের সুযোগ বহাল রাখাসহ প্রস্তাবিত শিক্ষা আইনের কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। গতকাল রোববার এই স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কালো কাপড়ে মুখ বেঁধে নীরব কর্মসূচি পালন করেন পুস্তক প্রকাশক ও বিক্রেতারা। পরে সেখান থেকে মৌন মিছিল নিয়ে তাঁরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করলে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ আটকে দেয়। পরে সমিতির একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসে।
সমিতির সহসভাপতি শ্যামল পাল বলেন, কর্মসূচি অনুযায়ী গতকাল বইয়ের দোকান বন্ধ ছিল এবং সারা দেশের শহীদ মিনারে পুস্তক প্রকাশক ও বিক্রেতারা অবস্থান কর্মসূচি পালন করেন। একই দাবিতে ১৮ এপ্রিল সারা দেশের জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হবে। সেদিনও দোকান বন্ধ থাকবে।
শিক্ষা আইনের খসড়ায় বলা হয়েছে, প্রাথমিক স্তরে (অষ্টম শ্রেণি পর্যন্ত) নোট বই বা গাইড বই প্রকাশ করা যাবে না। তবে এনসিটিবি পাণ্ডুলিপির অনুমোদন দিলে সহায়ক শিক্ষা উপকরণ বা সহায়ক পুস্তক বা ডিজিটাল শিখন-শেখানো সামগ্রী প্রকাশ করা যাবে। কেউ এ বিধান লঙ্ঘন করলে কমপক্ষে দুই লাখ টাকা অর্থদণ্ড বা ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।