গাজীপুরের টঙ্গীর টাম্পাকো দুর্ঘটনার শিকার আট শ্রমিকের লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও লাশগুলোর ডিএনএ পরীক্ষার ফলাফল জানা যায়নি। শ্রমিকদের পরিচয়ও শনাক্ত হয়নি। তাই লাশ ফেরত পাননি স্বজনেরা। চার শ্রমিকের স্বজনেরা গত রোববার জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা ডিএনএ পরীক্ষার ফলাফল কবে হবে জানতে চান।
নিখোঁজ চার শ্রমিকের স্বজনেরা হলেন টাম্পাকো ফয়েলস লিমিটেডের মেশিন অপারেটর আনিসুর রহমানের স্ত্রী শারমিন আক্তার, মাগুরা জেলার ছনপুর গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী পারভীন আক্তার, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উপুলকি গ্রামের আবুল হোসেনের স্ত্রী নূরুন্নাহার, কুমিল্লার মুরাদনগর উপজেলার টঙ্কি গ্রামের মাসুম আহমেদের স্ত্রী রূপালী বেগম। পরে তাঁরা গাজীপুর প্রেসক্লাবে গিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে তাঁদের দাবির কথা জানান।
শারমিন আক্তার বলেন, ‘দুর্ঘটনার পর সাড়ে তিন মাস পার হয়ে গেছে। এখনো আমার স্বামীর সন্ধান পাইনি। থানা-পুলিশ ও প্রশাসনের কাছে লাশের জন্য গেলে সঠিক তথ্য জানা যাচ্ছে না। কর্মকর্তারা বলছেন, আরও সময় লাগবে। ডিএনের ফলাফল আমরা কবে জানতে পারব?’
রূপালী বেগম বলেন, ‘প্রশাসনের কাছে আমার চাওয়ার আর কিছু নেই। শুধু আমার স্বামীর লাশটা চাই।’
টাম্পাকো দুর্ঘটনার মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী মডেল থানার এসআই সুমন ভক্ত বলেন, কয়েকটি ধাপে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগ ডিএনএ পরীক্ষা করছে। এ জন্য ২১ সেপ্টেম্বর নিখোঁজ নয়জনের পরিবারের স্বজনদের রক্ত ও লালা নেওয়া হয়েছে। জানুয়ারির শেষ দিকে ডিএনএ পরীক্ষার ফল জানা যেতে পারে।
জেলা প্রশাসক এস এম আলম বলেন, নিখোঁজ চার শ্রমিকের স্বজনেরা ডিএনএ পরীক্ষার ফলাফল জানতে এসেছিলেন। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কাছে খোঁজ নিয়ে এ বিষয়ে তাঁদের পরে জানানো হবে।
১০ সেপ্টেম্বর ভোরে টঙ্গীর বিসিক শিল্পনগরীতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে টাম্পাকো ফয়েলস কারখানা বিধ্বস্ত হয়। এতে মারা যান ৩৯ জন।