প্রস্তাবিত শিক্ষা আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬-এর কয়েকটি ধারা ও উপধারা সংশোধনের দাবিতে গতকাল রোববার বিভিন্ন স্থানে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছেন পুস্তক ব্যবসায়ীরা। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা শাখার উদ্যোগে বেলা ১১টায় কলেজ রোডে মানববন্ধন ও বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পুস্তক ব্যবসায়ীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন সমিতির জেলা শাখার আহ্বায়ক কে এম বদরুল আহসান, সদস্যসচিব আল আমিন সরকার, নীতিমালার স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। একই দাবিতে সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত জেলার সব বইয়ের দোকান বন্ধ রাখা হয়।
নীলফামারী: পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা শাখার উদ্যোগে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন পুস্তক ব্যবসায়ীরা। শহরের শহীদ মিনারের সামনের রাস্তায় ওই কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে জেলার সব বইয়ের দোকান পূর্ণদিবস বন্ধ রাখা হয়। এতে উপস্থিত ছিলেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখার সভাপতি মো. ওয়ালি উল্লাহ, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, জ্যেষ্ঠ সহসভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
পঞ্চগড়: পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা শাখার উদ্যোগে দুপুরে শহীদ মিনারের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন পুস্তক ব্যবসায়ীরা। তাঁরা বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করেন। সমিতির জেলা শাখার সভাপতি শফিউল আলম প্রধান ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে তাঁরা ওই মানববন্ধন ও সারা দিন লাইব্রেরি বন্ধ রাখেন।
বিরামপুর (দিনাজপুর): পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দিনাজপুর জেলা শাখার ব্যানারে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পুস্তক ব্যবসায়ীরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ওই কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য দেন সমিতির জেলা শাখার সভাপতি মফিদুল আলম সাদেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান উল্লাহ্ ভূঁইয়া, জ্যেষ্ঠ সহসভাপতি মো. সিরাজ উদ্দিন, সহসভাপতি মো. আনিসুর রহমান প্রমুখ।