প্রস্তাবিত শিক্ষা আইনের সংশোধন দাবিতে স্মারকলিপি
প্রস্তাবিত শিক্ষা আইনের সাতটি উপধারা সংশোধনের দাবিতে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬-এর সাতটি উপধারাকে বাংলাদেশের প্রকাশনাশিল্পের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে তা সংশোধনের দাবি জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা আইনে নোট বই বা গাইড বইয়ের সংজ্ঞা কোনো প্রাসঙ্গিক বিষয় নয়, এটি যদি প্রাসঙ্গিক হয়, তাহলে সৃজনশীল ও অভিধানসহ অসংখ্য বইয়ের সংজ্ঞা দিতে হয়। এ জন্য খসড়া শিক্ষা আইনে প্রদত্ত নোট ও গাইড বইয়ের সংজ্ঞা এবং এই পরিপ্রেক্ষিতে প্রণীত বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার ধারা-উপধারাগুলো বাতিল করা হোক। এ ছাড়া স্মারকলিপিতে বেসরকারি প্রকাশকেরা যাতে স্বাধীনভাবে প্রাক্-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব ধরনের সহায়ক গ্রন্থ প্রকাশ ও বাজারজাত করতে পারেন, সে জন্য ওই ধারা-উপধারাগুলো সংশোধন করে বিশ্বমানের ও সমতাভিত্তিক শিক্ষা গ্রহণের সুযোগ লাভের উপযোগী ধারা-উপধারা সংযোজন করা হোক।
স্মারকলিপি দেওয়ার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির জেলা শাখার সভাপতি মো. বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মো. আবদুল হাই প্রমুখ।