প্রস্তাবিত সংশোধনী বিচার বিভাগের জন্য অশনি সংকেত: সুব্রত চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহাত্তরে বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধান সংশোধনীর প্রস্তাব বিচার বিভাগের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সুব্রত চৌধুরী বলেন, ঐকমত্যের ভিত্তিতে সংশ্লি­ষ্ট পক্ষগুলোর সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবে গোঁজামিল দিয়ে ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার কথা বললে তা মেনে নেওয়া হবে না।
প্রস্তাবিত সংশোধনী বাতিল চাইছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুব্রত চৌধুরী বলেন, ‘অবশ্যই বাতিল চাইছি।’ তিনি বলেন, সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাত থেকে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। পরে পঞ্চম সংশোধনীতে এ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে অর্পণ করা হয়।
কিন্তু আওয়ামী লীগ সরকার চতুর্থ সংশোধনীর কথা বেমালুম চেপে গিয়ে বাহাত্তরের সংবিধানের দোহাই দিচ্ছে। পঞ্চদশ সংশোধনীর পর বলা হলো বাহাত্তরের সংবিধানে ফিরে গেছি। তবে ৯৫, ৯৯, ১১৬ অনুচ্ছেদ বিষয়ে বাহাত্তরের ফিরে না গিয়ে শুধু ৯৬ অনুচ্ছেদ বিষয়ে সংশোধনী গ্রহণযোগ্য নয়।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল বারি, সমিতির নেতা জগলুল হায়দার আফ্রিক, মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।