প্রস্তাবিত সংস্কারে ক্রিকেটে দুর্নীতি বাড়বে: টিআইবি
প্রস্তাবিত দুই স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেট ও ব্যবসাভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থার তীব্র নিন্দা জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশসহ সব দেশের জাতীয় ক্রিকেট সংস্থাকে এ ধরনের অন্যায় পদ্ধতি প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণের দাবি জানিয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘প্রস্তাবিত দুই স্তরবিশিষ্ট ব্যবস্থাটি অত্যন্ত বৈষম্যমূলক, অযৌক্তিক ও চক্রান্তমূলক। এ ব্যবস্থা বাস্তবায়িত হলে বাংলাদেশসহ টেস্ট ক্রিকেটে অপেক্ষাকৃত নতুন দেশগুলো বিশ্ব ক্রিকেট থেকে হারিয়ে যাবে, যা কোনোমতেই গ্রহণযোগ্য নয়।’ তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে যোগ্যতা প্রমাণকারী বাংলাদেশের মতো উদীয়মান দলের কাছে তথাকথিত শক্তিশালী দলগুলোর হেরে যাওয়ার ভয় থেকেই এ ধরনের একটি কাপুরুষোচিত ও অসত্ উদ্দেশ্যমূলক পদ্ধতির প্রস্তাব।’
আইসিসিকে ভবিষ্যত্ ট্যুর প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব থেকে বিচ্ছিন্ন করার প্রস্তাবও প্রত্যাখ্যানের আহ্বান জানাচ্ছে টিআইবি। টিআইবি মনে করে, ট্যুর প্রোগ্রামে আইসিসির নজরদারি যদি না থাকে, তাহলে ক্রিকেট খেলার আয়োজন দ্বিপক্ষীয় সমঝোতার ওপর পরিপূর্ণ নির্ভরশীল হবে, যা একদিকে বৈষম্যমূলক, অন্যদিকে অগণতান্ত্রিক।
উদ্বেগ প্রকাশ করে টিআইবি বলেছে, প্রস্তাবনাগুলো গৃহীত হলে বিশ্ব ক্রিকেটের পরিপূর্ণ নিয়ন্ত্রণ তথাকথিত তিন বৃহত্ শক্তির (অস্ট্রেলিয়া, ভারত ও যুক্তরাজ্য) করাভূত হবে। এতে আইসিসিভুক্ত অন্য দেশগুলোর কোনো বাস্তব প্রতিনিধিত্ব থাকবে না। প্রস্তাবিত চার সদস্যের নির্বাহী কমিটিতে উক্ত তিন দেশের জন্য সংরক্ষিত আসনের প্রস্তাব জবাবদিহির ঊর্ধ্বে ক্ষমতার অপব্যবহারের অবারিত সুযোগ তৈরি করবে, যা কোনো অবস্থায়ই বিশ্ব ক্রিকেটের সুশাসন ও ভবিষ্যত্ উন্নতির জন্য সহায়ক নয়।
প্রস্তাবিত সংস্কার ‘ভদ্রলোকের খেলা’ হিসেবে পরিচিত ক্রিকেটকে দ্রুত আর্থিকভাবে লাভবান হওয়ার একটি বাণিজ্যিক উদ্যোগে পরিণত করবে বলে মনে করে টিআইবি। এর ফলে খেলোয়াড়ি মনোভাব, নৈতিকতা এবং সুষম ও সুস্থ প্রতিযোগিতার মূল্যবোধ থাকবে না। ব্যবসাভিত্তিক ক্ষমতাকে প্রাধান্য দেওয়া হলে ক্রিকেট জগতের খেলার মাঠে ও বাইরে দুর্নীতির ঝুঁকি বাড়াবে, যা নিতান্তই অগ্রহণযোগ্য।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টদের জাতীয় স্বার্থকে সব বিবেচনার ঊর্ধ্বে প্রাধান্য দিয়ে বৈষম্যমূলক ও ক্রিকেটের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ সব প্রস্তাব প্রত্যাখ্যানের আহ্বান জানান।
ক্রিকেটপ্রেমী দেশগুলোর মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নয়টি জাতীয় চ্যাপ্টার অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, জ্যামাইকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ ও টোবাগো এবং যুক্তরাজ্য গতকাল ২৭ জানুয়ারি এ বিষয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিটি ইতিমধ্যে সরাসরি আইসিসি ও বিসিবিকে পাঠানো হয়েছে বলে টিআইবির বিবৃতিতে জানানো হয়।