প্রস্তাবিত সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের অবাধ তথ্যপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। স্বাভাবিকভাবেই গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না। তাই প্রস্তাবিত এই ‘কালো আইন’ প্রতিহত করতে হবে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘সম্প্রচারনীতি ও তথ্য অধিকার’ শীর্ষক সেমিনারে বক্তারা এই অভিমত দেন। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই আলোচনা অনুষ্ঠিত হয়।সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা সরকারের কাজ নয়। সরকারের কাজ রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিশ্চিত করে এই দুটি প্রতিষ্ঠানকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, সম্প্রচারপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ হতে হবে দেশের প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে। এর জন্য আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ কোনোভাবেই বাঞ্ছনীয় নয়।প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়িত হলে টেলিভিশনে স্বাধীন সংবাদ ও টক শো সম্প্রচার বাধাগ্রস্ত হবে। ফলে তাদের দিনভর শুধু পুরোনো দিনের সিনেমা দেখানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় যখন কোনো সরকার চরমভাবে ব্যর্থ হয়, তখন তারা চরম হতাশা থেকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হানে। নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যমের কণ্ঠ কেউ রোধ করতে পারেনি, নিজেরাই রোধ হয়ে গেছে, কিন্তু সাংবাদিকেরা রয়েই গেছেন।সেমিনারে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ। বক্তৃতা করেনমানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ডেইলি সান-এর সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রহুল আমিন গাজী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আবদুস শহীদ প্রমুখ।