প্রস্তাবিত সিভিল সার্ভিস আইনের সমালোচনায় বিসিএস সমন্বয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত সিভিল সার্ভিস আইন, ২০১০-এর মাধ্যমে বিদ্যমান প্রশাসনিক অব্যবস্থাপনাকে আইনি কাঠামো দেওয়া হচ্ছে। এই আইন প্রণয়নে প্রশাসন ক্যাডার ছাড়া অপর ২৬টি ক্যাডারের কোনো মতামত নেওয়া হয়নি। এই সমালোচনা বিসিএস সমন্বয় কমিটির।গত বৃহস্পতিবার সমন্বয় কমিটি ও ২৬টি ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথ সভায় এ সমালোচনা করা হয়েছে। ফার্মগেটে খামার বাড়ির কৃষি তথ্য সার্ভিস মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সমন্বয় কমিটির সভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। বিভিন্ন ক্যাডারের পাঁচজন করে প্রতিনিধি সভায় অংশ নেন।সভায় অভিযোগ করা হয়, প্রস্তাবিত সিভিল সার্ভিস আইনের প্রাথমিক খসড়া প্রণয়ন করে সবার মতামত নেওয়ার জন্য ওয়েবসাইটে দেওয়া হয়েছিল। ২৬টি ক্যাডারের সংগঠন বিসিএস সমন্বয় কমিটি থেকে তখন কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে বিভিন্ন মতামতকে সমন্বিত করে যে খসড়া প্রণয়ন করা হয়েছে, দেখা গেছে সেখানে সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতামতগুলো উপেক্ষা করা হয়েছে।সভায় বলা হয়, স্বাধীন দেশের উপযোগী জনপ্রশাসন গড়ে তুলতে বারবার বাধা সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন সময় গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশগুলো আলোর মুখ দেখেনি। এমনকি বর্তমান সরকারের বিগত মেয়াদে জনপ্রশাসন সংস্কারবিষয়ক কমিটি একুশ শতকের জনপ্রশাসন শিরোনামে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দেয়। কিন্তু এর আলোকে জনপ্রশাসন সংস্কার করা হয়নি। এমনকি প্রস্তাবিত সিভিল সার্ভিস আইনেও ওই সংস্কার কমিশনের কোনো সুপারিশ আমলে নেওয়া হয়নি।সভায় সিভিল সার্ভিস আইন প্রণয়নে সমন্বয় কমিটি, প্রতিটি ক্যাডারের প্রতিনিধি এবং সমাজের বিশিষ্টজনদের মতামত নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করা ও যুগোপযোগী কার্যকর সিভিল সার্ভিস আইন প্রণয়নে প্রশাসনকে বাধ্য করতে প্রয়োজনে সমন্বয় কমিটি কঠোর কর্মসূচি নেবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।