প্রস্তাবিত স্থানে টার্মিনাল না করার দাবিতে কুলাউড়ায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত স্থানে বাস টার্মিনাল না করার দাবিতে কুলাউড়ায় এলাকাবাসীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। পৌরসভার দক্ষিণবাজার এলাকা থেকে সরিয়ে কাছুরকাপন এলাকায় বাস টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে পৌরসভা। এলাকাবাসীর অভিযোগ, মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কাছুরকাপন এলাকায় নতুন বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এ স্থানটি বিপজ্জনক। এর একপাশে নবীনচন্দ্র উচ্চবিদ্যালয়। অন্য পাশে আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিপরীত দিকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের কার্যালয়। কাছুরকাপন গ্রামের বাসিন্দা প্রভাষক সিপার উদ্দিন আহমদ গতকাল বলেন, ‘এ জমি সম্পূর্ণ ব্যক্তিমালিকানাধীন। এমন একটা স্থান নির্ধারণ করা হয়েছে, যা একটি বিপজ্জনক স্থান। এখানে বাস টার্মিনাল হলে ছাত্রছাত্রীদের সমস্যা হবে।’ কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ গতকাল বৃহস্পতিবার বলেন, ‘টার্মিনালের জন্য প্রশাসনের পক্ষ থেকে ভূমি অধিগ্রহণ করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে ক্ষতিপূরণের টাকাও জমা দেওয়া হয়েছে। তবে ভূমির মালিকদের পক্ষ থেকে ২০০৭ সালে হাইকোর্টে একটি মামলা করা হয়। গত ২৭ ফেব্রুয়ারি হাইকোর্ট পৌরসভার অনুকূলে রায় দিয়েছেন। আর আমার বিরুদ্ধে যে হুমকি-ধমকির অভিযোগ করা হয়েছে, সেটা ঠিক নয়।’