প্রস্তাবে আগাম নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব বৈধ রাজনৈতিক দল সম্মত হলে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে আগাম নির্বাচনসহ সব ধরনের বিকল্প বিবেচনায় নেওয়া যেতে পারে বলে মনে করছে ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। একই সঙ্গে সংস্থাটি জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের সঙ্গে সুস্পষ্ট দূরত্ব বজায় রাখার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত এক প্রস্তাবে বাংলাদেশ সম্পর্কে তাদের এই অবস্থান তুলে ধরা হয়। বাংলাদেশের সরকার ও জাতীয় সংসদকে এই প্রস্তাবের অনুলিপি পাঠানো হবে। 
একই দিনে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান এবং একটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সমঝোতায় পৌঁছতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে বাংলাদেশে যেসব দল সন্ত্রাসী তৎপরতায় জড়িত হয়ে পড়েছে, তাদের নিষিদ্ধ করার পক্ষে মত দেওয়া হয়। ইউরোপীয় পার্লামেন্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার সাক্ষীদের সুরক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে।
তবে ১৪ জানুয়ারি অ্যালায়েন্স অব লিবারেলস অ্যান্ড ডেমোক্র্যাটস ফর ইউরোপ (এএলডিই) গ্রুপের ১২ জন সদস্য নির্দিষ্টভাবে বাংলাদেশে যত শিগগির সম্ভব, নিরপেক্ষ ও পক্ষপাতহীন ক্রান্তিকালীন সরকার গঠন করে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব আলোচনার জন্য ইউরোপীয় পার্লামেন্টে উত্থাপন করেন। তা না করলে ইউরোপে বাংলাদেশের বাণিজ্য-সুবিধা পর্যালোচনার ইঙ্গিতও ওই প্রস্তাবে ছিল। বাণিজ্য-সুবিধা পর্যালোচনা বলতে জিএসপি-সুবিধাকে বোঝানো হয়েছে। তবে ওই প্রস্তাব পার্লামেন্টে হুবহু গৃহীত হয়নি।
জানতে চাইলে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর বলেন, ইউরোপীয় পার্লামেন্টে ওই প্রস্তাব ওঠা বাংলাদেশের জন্য অমর্যাদাকর ও অসম্মানজনক। ওই প্রস্তাব গৃহীত না হলেও পার্লামেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। তিনি বলেন, কারণ শুধু ইউরোপীয় পার্লামেন্ট এককভাবে এমন প্রস্তাব করেনি। এর আগে মার্কিন কংগ্রেস এবং এরপর হাউস অব কমন্স থেকেও মোটামুটি একই মত এসেছিল।
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির অর্ধেকটাই ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে হয়। ২০১২ সালে বাংলাদেশ ইউরোপে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করে। এর প্রায় পুরোটাই অগ্রাধিকারমূলক বাজার-সুবিধার (জিএসপি) আওতায় হয়। অবশ্য চলতি জানুয়ারি থেকে এ ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়। ইইউ তিন ধরনের জিএসপি-সুবিধা দিয়ে থাকে। এর মধ্যে স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোর জন্য কখনো জিএসপি শর্ত যুক্ত ছিল না। এবারেই প্রথম বলা হয়েছে, মানবাধিকার এবং জাতিসংঘ ও আইএলওর সনদগুলো মেনে চলা সাপেক্ষে বাংলাদেশ জিএসপি-সুবিধা পাবে। শর্ত লঙ্ঘন করলে এই সুবিধা স্থগিত করা যাবে।
এএলডিইর প্রস্তাবে যা ছিল: বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন লঙ্ঘনের কথা বলে ইউরোপীয় পার্লামেন্টের ১২২ বিধি অনুযায়ী এএলডিইর ১২ সদস্য এই প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয়েছিল, ৫ জানুয়ারি বাংলাদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। নির্বাচনের আগে প্রায় দেড় শ ব্যক্তি নিহত হয়েছেন। এ জন্য প্রধানত বিরোধীদলীয় কর্মীরা দায়ী। তবে এর সঙ্গে আওয়ামী লীগের কর্মীরাও জড়িত ছিলেন। নির্বাচনে জয়লাভের পরেও ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বিচারে গ্রেপ্তার অব্যাহত রেখেছে। তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব পুনর্নির্বাচনের কথা বলছে। এই নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষ এবং পক্ষপাতহীন ক্রান্তিকালীন সরকারের অধীনে। ওই সরকারের ওপর সব রাজনৈতিক দল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা থাকবে।
প্রস্তাবে আরও বলা হয়েছিল, বাংলাদেশের নির্বাচন কমিশনের সংস্কার জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ সরকার যদি একটি অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে ইউরোপীয় ইউনিয়নের উচিত হবে সংশ্লিষ্ট আন্তর্জাতিক তদারকি সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে দেওয়া বাণিজ্য-সুবিধা পর্যালোচনা করা। 
এএলডিই ইউরোপের উদার-মধ্যপন্থী রাজনীতিকদের একটি মোর্চা। এর নেতৃত্বে আছেন বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী গাই ফারহফস্টাড। তবে বাংলাদেশবিষয়ক প্রস্তাবটির অন্যতম প্রস্তাবক ডাচ রাজনীতিক ম্যারিয়েটা। তাঁর সহকারী মেলে ভ্যান গতকাল প্রথম আলোকে বলেন, ইউরোপীয় পার্লামেন্টে ব্রিটিশ প্রতিনিধি ফিলিপ বেনিয়ন নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচনের সুপারিশসংবলিত উদ্যোগটির মুখপাত্র।
পার্লামেন্টে গৃহীত প্রস্তাব: সার্বিক আলোচনার পর ইউরোপীয় পার্লামেন্ট সবার অংশগ্রহণে একটি নির্বাচন আয়োজনে বাংলাদেশের সংসদ ও রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছে। বাংলাদেশের নির্বাচনের বিষয়ে গৃহীত প্রস্তাবে বলা হয়, বাংলাদেশের স্বার্থ অগ্রাধিকার দিয়ে সরকার ও বিরোধী দল একটি সমঝোতার পথ খুঁজে বের করবে, যার মাধ্যমে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। এ জন্য আগাম নির্বাচনসহ সব বিকল্প বিবেচনা করা হবে বলে আশা প্রকাশ করা হয়।
ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত ছয় নম্বর প্রস্তাবে বলা হয়, বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে যেসব দলের গণতান্ত্রিক সুনাম রয়েছে, তাদের উচিত হবে পারস্পরিক শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তোলা। ইউরোপীয় পার্লামেন্ট জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম থেকে সুস্পষ্টভাবে দূরত্ব বজায় রাখতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে।
প্রস্তাবের সাত নম্বর দফায় বলা হয়, যেসব দল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে, তাদের নিষিদ্ধ করা উচিত।
গৃহীত প্রস্তাবের নবম ধারায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বিডিআর বিদ্রোহ মামলাসহ সব মৃত্যুদণ্ডাদেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
গৃহীত প্রস্তাবে নির্বাচনকে কেন্দ্র করে হত্যা ও সহিংসতা, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের জোরালো নিন্দা জানানো হয়। প্রস্তাবের দ্বিতীয় দফায় নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতন বন্ধ এবং বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। আর জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রস্তাবের তৃতীয় দফায় বলা হয়, তাদের ওপর হামলার ফলে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে বাংলাদেশের খ্যাতি ঝুঁকির মুখে পড়েছে।
ইউরোপের ২৮টি দেশ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য। ফ্রান্সের স্টার্সবুর্গের ইউরোপীয় পার্লামেন্টে বৃহস্পতিবার রাতে গৃহীত এই প্রস্তাবটির অনুলিপি ইউরোপীয় কাউন্সিল, ইউরোপীয় কমিশন, ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস, হাই রিপ্রেজেনটেটিভ অব দ্য ইউনিয়ন ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি ফলিসি/ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট, ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি, সংশ্লিষ্ট দেশের সরকার ও পার্লামেন্ট, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং বাংলাদেশের সরকার ও জাতীয় সংসদকে প্রস্তাব পাঠানো হবে।