প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্য বছরের মতো এবারও মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন, তার জন্য রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে কোন দিন ঈদ হবে। তবে কাল ঈদের সম্ভাব্য দিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে।
গতকাল বুধবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে গিয়ে দেখা গেছে, মাঠে শামিয়ানা টানানোর কাজ শেষ হয়েছে। উঁচু-নিচু জায়গা ভরাট করা হয়েছে বালু দিয়ে।
জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গতকাল দুপুরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, বৃষ্টির কথা চিন্তা করে পুরো ময়দান শামিয়ানা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে ভারী বর্ষণেও মুসল্লিদের নামাজ পড়তে অসুবিধা না হয়। তিনি বলেন, মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশ, গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকধারী পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর থাকবেন। এ ছাড়া পুরো ঈদগাহ ময়দানকে পুলিশের সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
ঈদগাহ মাঠ প্রস্তুতের জন্য নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান পিয়ারু সর্দার অ্যান্ড সন্সের ব্যবস্থাপক মো. মোজাম্মেল হক জানান, জাতীয় ঈদগাহ মাঠের দুই লাখ ৫৭ হাজার ২০৭ বর্গফুট এলাকা বৃষ্টি প্রতিরোধক ত্রিপল দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হয়েছে। নামাজ আদায় করতে পারবেন প্রায় ৮৪ হাজার মুসল্লি। নারীদের ঈদের নামাজ আদায়ের জন্য পর্দা দিয়ে আলাদা ব্যবস্থা করা হয়েছে। কূটনৈতিক মিশনের সদস্য ও তাঁদের স্ত্রীদের জন্যও আলাদা ব্যবস্থা করা হয়েছে। মাঠে ৪০০ সিলিং ও ৬৪টি প্যাডাস্টাল পাখা লাগানো হয়েছে। ১৪০টি অজুর জায়গা করা হয়েছে। এ ছাড়া একটি ভ্রাম্যমাণ শৌচাগারও থাকছে।
ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল নয়টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামাত অনুষ্ঠিত হবে।