প্রস্তুত জাতীয় ঈদগাহ

আজ সোমবার চাঁদ দেখা গেলে কাল মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর। এবারও রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, এ জন্য সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
গতকাল রোববার বিকেলে জাতীয় ঈদগাহ ঘুরে দেখা গেছে, পুরো ময়দানে শামিয়ানা টানানো, পাখা, বাতি লাগানো শেষ। বৈদ্যুতিক সংযোগগুলো পরখ করছিলেন বৈদ্যুতিক কর্মীরা। বাকি শুধু মাদুর বিছানোর কাজ। ঈদের চাঁদ দেখা গেলে মাদুর বিছানো শুরু হবে বলে জানালেন ময়দানে কর্মরত কর্মীদের একজন।
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, বিচারপতি, রাজনীতিক, কূটনীতিবিদসহ সর্বস্তরের মানুষ। এবারও নারীদের নামাজ আদায়ের জন্য পৃথক স্থানের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় ঈদগাহে ঈদের জামাত হবে সকাল সাড়ে আটটায়। এবার নামাজ পরিচালনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালা উদ্দিন আহমেদ।
আড়াই লাখ বর্গফুটের বেশি আয়তনের এ ময়দানে এবার একসঙ্গে লাখ খানেক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের অজুর জন্য মূল ফটকের পাশেই বসানো হয়েছে অজুখানা। সেখানে একসঙ্গে ১২০ জন মুসল্লির অজুর ব্যবস্থা করা হয়েছে।
নিরাপত্তার জন্য বসানো হয়েছে ৬৪টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) দুটি পৃথক নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। ডিএমপির নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, এখন পালাক্রমে ৩০ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ঈদের দিন নিরাপত্তার দায়িত্বে অনেক পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য সংস্থার সদস্যরাও থাকবেন।
পূর্ত মন্ত্রণালয় জাতীয় ঈদগাহে বালু ফেলা ও পানি সরবরাহের কাজ করেছে। এ জন্য ব্যয় হয়েছে আড়াই লাখ টাকা। ময়দানে শামিয়ানা টানানো, পাখা, আলোকসজ্জার তত্ত্বাবধান করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ব্যয় হয়েছে ৫৮ লাখ টাকা।
৫ রমজান থেকে জাতীয় ঈদগাহ প্রস্তুতের কাজ শুরু করে চাঁনখারপুলের পেয়ারু অ্যান্ড সন্স ডেকোরেটর। শামিয়ানা টানাতে ব্যবহার করা হয়েছে প্রায় ৪৩ হাজার বাঁশ। প্রায় দুই লাখ ৮০ হাজার বর্গফুট অংশ ঢেকে দেওয়া হয়েছে ত্রিপল দিয়ে।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সমাজকল্যাণ ও সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, ঈদগাহ প্রস্তুতের কাজ প্রায় শেষ। বড় ধরনের ঝড় না হলে নির্বিঘ্নেই ঈদের জামাত সম্পন্ন হবে।