প্রস্তুত বিনোদনকেন্দ্র অপেক্ষা দর্শনার্থীর
রাজধানীতে পরিবারের সদস্যদের নিয়ে ঘোরাঘুরির জায়গা এমনিতেই কম। তাই ঈদের সময় বিনোদনকেন্দ্রগুলোতে থাকে উপচে পড়া ভিড়। ঈদ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও প্রস্তুতি নেওয়া হয়েছে বিনোদনকেন্দ্রগুলোতে।
বিনোদনকেন্দ্রগুলো আকর্ষণীয় করে তোলা হয়েছে। বাড়তি আলোকসজ্জা, ছোটখাটো ত্রুটি ঠিক করা, ঘষামাজার পর রং করা হচ্ছে। এখন চলছে শেষ মুহূর্তের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
প্রতিবছর ঈদে জাতীয় চিড়িয়াখানায় ব্যাপক লোকসমাগম হয়। ১৮৬ একর আয়তনের চিড়িয়াখানায় দর্শকদের বিনোদন দিতে প্রস্তুত চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অন্যান্য বছরের মতো এ বছরও চিড়িয়াখানায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
চিড়িয়াখানার কিউরেটর এনায়েত হোসেন বলেন, গত দু-তিন বছরে চিড়িয়াখানায় নতুন প্রাণী আনা হয়নি। তবে এ বছরে নতুন কিছু প্রাণী বাচ্চা দিয়েছে। তার মধ্যে বিরল প্রজাতির গ্রেটার অ্যাডজুট্যান্ট বা হাড়গিলা পাখি যেমন আছে, তেমনি আছে ইমু পাখি, ময়ূর, কুমিরের নতুন বাচ্চা। এসব বাচ্চাগুলো দর্শকদের কাছে আকর্ষণের বিষয় হবে বলে মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এবার ঈদে বর্ষা-বাদল কম থাকলে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ হাজার দর্শনার্থী হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ঈদের দিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা।
চিড়িয়াখানার পাশেই জাতীয় উদ্ভিদ উদ্যান, যা ‘বোটানিক্যাল গার্ডেন’ নামেই বেশি পরিচিত। ২০৮ একরের এ উদ্যানেও ঈদের সময় দর্শনার্থীদের ভিড় বেশি থাকে। বিভিন্ন প্রজাতির প্রায় ৬৮ হাজার উদ্ভিদের এ সবুজের সমারোহে এবারও লক্ষাধিক লোকসমাগম হবে বলে কর্তৃপক্ষ আশা করছে।
মিরপুর-১ নম্বরে অবস্থিত সনি সিনেমা হলে চলছে ঈদ প্রস্তুতি। গত মঙ্গলবার দেখা যায়, হলের ভাঙাচোরা আসবাব মেরামত করা হচ্ছে। সনি সিনেমাতে মোট আসন রয়েছে ১ হাজার ১৫০টি। ঈদে সনি সিনেমা হলে প্রদর্শিত হবে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্র অগ্নি-২।
শাহবাগের শিশুপার্ক সব সময়ই শিশুদের আকর্ষণ করে থাকে। ঈদ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে শিশুপার্ক কর্তৃপক্ষ। শিশুপার্কে রয়েছে ১১টি রাইড। ঈদের দিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে পার্কটি।