প্রস্তুত যাত্রাবাড়ী উড়ালসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনের অপেক্ষায় গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়ক। ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’ নামের চার লেনবিশিষ্ট এই উড়ালসড়কে ছয়টি প্রবেশ ও সাতটি বেরোনোর পথসহ মোট ১৩টি ওঠানামার পথ (র্যাম্প) রয়েছে। তবে তিনটি র্যাম্পের কাজ এখনো শেষ হয়নি। এগুলো বাদ রেখেই উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ছবিটি বঙ্গভবন এলাকা থেকে গতকাল তোলা । প্রথম আলো
উদ্বোধনের অপেক্ষায় গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়ক। ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’ নামের চার লেনবিশিষ্ট এই উড়ালসড়কে ছয়টি প্রবেশ ও সাতটি বেরোনোর পথসহ মোট ১৩টি ওঠানামার পথ (র্যাম্প) রয়েছে। তবে তিনটি র্যাম্পের কাজ এখনো শেষ হয়নি। এগুলো বাদ রেখেই উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ছবিটি বঙ্গভবন এলাকা থেকে গতকাল তোলা । প্রথম আলো

গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কে ওঠা-নামার পথের (র‌্যাম্প) কিছু কাজ বাকি থাকলেও এটি উদ্বোধনের জন্য এখন প্রস্তুত। ১১ অক্টোবর উড়ালসড়কটি (ফ্লাইওভার) চালু হচ্ছে।

উড়ালসড়কের নিচে প্রায় ১০ কিলোমিটার সড়কপথের অনেকটাই এখনো সংস্কার হয়নি। এই অবস্থায় উড়ালসড়ক চালু হলে নিচের রাস্তার কারণে পুরোপুরি সুবিধা পাওয়া যাবে না। নিচের সড়ক উন্নয়নের জন্য ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিয়োজিত ঠিকাদারেরা ৬২ কোটি টাকা খরচ করে ফেললেও পুরো কাজ শেষ হয়নি। এখন আরও ১৩০ কোটি টাকা চেয়েছে সিটি করপোরেশন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

উড়ালসড়ক প্রায় প্রস্তুত: দেশের বৃহত্তম এবং আধুনিক প্রায় সাড়ে ১১ কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়ালসড়ক রাজধানীর শনির আখড়া থেকে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, টিকাটুলি, গুলিস্তান হয়ে নিমতলী পর্যন্ত। তবে এখন উদ্বোধন হচ্ছে গুলিস্তান পর্যন্ত। এটি চালু হলে রাজধানীর এসব এলাকা ছাড়াও ঢাকা-চট্টগ্রাম, সিলেটসহ পূর্বাঞ্চলীয় এবং উত্তর-পূর্বাঞ্চলীয় ৩০টি জেলার যাতায়াতে বাড়তি সুবিধা পাওয়া যাবে। বিশেষ করে যানজট কমে যাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন এ প্রসঙ্গে বলেন, গুলিস্তান থেকে শনির আখড়া পর্যন্ত যত যান চলাচল করে, তার অন্তত ৬০ ভাগ উড়ালসড়ক ব্যবহার করতে পারে।

ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড উড়ালসড়কটির বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অংশীদারিতে (ঢাকা সিটি করপোরেশন) দুই হাজার ১০৮ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হচ্ছে। এর নাম ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’। ২০১০ সালে এর নির্মাণকাজ শুরু হয়।

চার লেনবিশিষ্ট এই উড়ালসড়কে ছয়টি প্রবেশ ও সাতটি বেরোনোর পথ নিয়ে মোট ১৩টি র‌্যাম্প রয়েছে। তবে তিনটি র‌্যাম্পের কাজ শেষ হতে আরও সময় লাগবে। এগুলো বাদ রেখেই উদ্বোধন হবে।

উড়ালসড়ক প্রকল্পের পরিচালক মো. আশিকুর রহমান বলেন, প্রায় ৯০ ভাগ কাজ শেষ পর্যায়ে। অবশিষ্ট কাজ শেষ করে আগামী তিন-চার মাসের মধ্যে উড়ালসড়কটি সম্পূর্ণভাবে চালু করা যাবে। ১১ অক্টোবর বিকেল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন বলে জানান তিনি।

২৪ বছর টোল দিতে হবে: উড়ালসড়কটি চালুর পর ২৪ বছর টোল দিতে হবে বিভিন্ন যানবাহন মালিককে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ২০০ টাকা দিতে হবে ১৪ চাকার যান টেইলারকে। বড় ট্রাককে দিতে হবে ১৫০ টাকা, সাধারণ ট্রাকের জন্য ১০০ টাকা। এ ছাড়া বড় বাস ১০০, পিকআপ ৭৫, মাইক্রোবাস ৫০, জিপ ৪০, কার ৩৫, অটোরিকশা ১০ এবং মোটরসাইকেলের জন্য পাঁচ টাকা দিতে হবে।

সড়ক উন্নয়নে আরও ১৩০ কোটি টাকা: সংশ্লিষ্ট সূত্র জানায়, উড়ালসড়কের নিচের সড়ক উন্নয়নে ইতিমধ্যে ৬২ কোটি টাকা খরচ হয়েছে। আরও ১৩০ কোটি টাকার প্রকল্প হচ্ছে। এ বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রকল্প করেই আমাদের রাস্তা ঠিক করতে হবে। আমরা প্রকল্প দাখিল করেছি। ফ্লাইওভারের সঙ্গে সংশ্লিষ্ট ফুটপাত, ড্রেনেজ লাইন করা হবে।’

উড়ালসড়ক এলাকায় রাস্তায় ড্রেনেজ লাইনের কাজ করছে ভোলার সাংসদ নুরুন্নবী চৌধুরী ওরফে শাওনের প্রতিষ্ঠান নাওয়াল কনস্ট্রাকশন। সিটি করপোরেশনের ‘ক্ষতিগ্রস্ত সড়ক, ফুটপাত, নর্দমা উন্নয়ন (আমব্রেলা)’ প্রকল্পের অধীনে জয়কালী মন্দির-যাত্রাবাড়ী সড়কে সাত কোটি ২৭ লাখ টাকার পাইপলাইন এবং উড়ালসড়কের নিচের রাস্তায় বিটুমিনাস কার্পেটিংয়ের ১৪ কোটি টাকার কাজ করছে এ প্রতিষ্ঠানটি।

সাংসদের প্রতিষ্ঠান কেন ধীরগতিতে কাজ করছে, জানতে চাইলে প্রধান প্রকৌশলী কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, নিচের রাস্তায় ড্রেনেজ লাইনের কাজ ৭৫ ভাগ শেষ হয়েছে। অবশিষ্ট ২৫ ভাগ হলে আর সমস্যা থাকবে না।

তবে এলাকায় গিয়ে এবং সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাস্তবে কাজ হয়েছে আরও কম। সায়েদাবাদসহ আশপাশের এলাকায় বিভিন্ন ড্রেনেজ লাইন সংযোগ ও আউটলেট লাগানো বাকি আছে। যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ বক্স কালভার্ট ও স্বামীবাগ এলাকায় উত্তর প্রান্তে এখনো ড্রেনেজ লাইনের কাজ চলছে। বৃষ্টি হলে এলাকার রাস্তাঘাট চলাচলের অনপুযোগী হয়ে পড়ছে।