প্রস্তুত লক্কড় ঝক্কড় গাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরে বিভিন্ন রুটে লক্কড় ঝক্কড় যে বাসগুলো চলে আর কদিন বাদেই সেসব বাসের দেখা মিলবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে। মধ্য ও নিম্ন আয়ের মানুষ দলবেঁধে এই বাসগুলোতে ঈদে বাড়িতে যাবেন। রাজধানীতে ফিরবেনও এসব বাসেই। ঈদের যাত্রী পরিবহনের প্রস্তুতি নিচ্ছেন এসব গাড়ির চালকেরা।

রাজধানীর ফার্মগেটে কথা হয় গাবতলী-যাত্রাবাড়ী রুটের ৮ নম্বর বাসের চালক মো. বাচ্চুর সঙ্গে। তিনি জানান, গত বছর কোরবানি ঈদে তিনি এই বাসে জামালপুরের একটি গ্রামের বাসিন্দাদের নিয়ে গিয়েছিলেন। সবাই একই এলাকার বলে তাঁরা গাড়ি ভাড়া করেন। ৪১ আসনের যাত্রীদের মধ্যে কেউ ছিলেন পোশাক কর্মী, কেউ দিনমজুর, কেউবা রিকশাচালক। যাওয়া-আসা মিলে ৪০ হাজার টাকা নিয়েছেন তিনি। এই বাসগুলোর চালকেরা যাত্রীদের তাঁদের গন্তব্যে পৌঁছে দিয়ে গাড়ি সেই গ্রামেই রেখে নিজে ঢাকায় ফিরে আসেন। ঈদের পরে নির্ধারিত দিনে আবার ফিরে গিয়ে যাত্রীদের নিয়ে আসেন।

বাচ্চু বলেন, ‘ঈদের আগে ভাড়া হইয়া যায় আমাগো গাড়ি। এইবারও ভাড়া মারমু। রংপুর যাওয়ার ব্যাপারে আলাপ চলতাছে। টেকা ঠিক হইলেই যামু।’

ঈদ কোথায় করেন? বাচ্চু জানান, তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জে। তিনি সাধারণত যাত্রীদের নিয়ে তাদের গ্রামে গিয়ে বাস রেখে ঢাকায় ফেরেন। ঈদের কয়েক দিন পর আবার ফিরে যান যেখানে বাস রেখে এসেছেন। ভাড়ার যাত্রী নিয়ে আবার ফিরে আসেন রাজধানীতে। তবে মাঝেমধ্যে যাত্রীদের সঙ্গে ঈদ করারও অভিজ্ঞতা আছে তাঁর।

গাবতলী-সাভার গন্তব্যে যাতায়াত করা ‘ভিলেজ লাইন’ গাড়ির চালক আহম্মদ মিয়া প্রতিবছর কুড়িগ্রাম জেলায় যান ঈদের যাত্রী নিয়ে। এ বছরও  যাবেন। তিনি বলেন, ভাড়া ঠিক হয়েছে আর এই গাড়ি যাওয়া-আসার ভাড়া ঠিক করেছেন ওই এলাকার কয়েকজন পোশাক কর্মী ও দিনমজুর।

ঢাকার বিভিন্ন রুটের গাড়ির বেশ কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা গেল, মূলত মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরাই তাঁদের গাড়িগুলো ভাড়া করেন। এতে যেমন সবাই মিলে বাড়ি যেতে পারেন, তেমনি আবার একত্রে ফিরতেও পারেন। যাতায়াতের ব্যবস্থা নিয়ে তাঁদের কোনো দুশ্চিন্তা থাকে না।

দিনাজপুরের বিরল উপজেলার বাসিন্দা আরমান মিয়া কাজ করেন সাভারের একটি পোশাক কারখানায়। তিনি বলেন, ‘ঈদের আগে আমাদের সাধ্য নেই বেশি টাকা দিয়ে ভালো বাসের টিকিট কাটার। তা ছাড়া আগাম টিকিটের জন্য লাইনে গিয়ে দাঁড়ানোর সময়ও অফিস থেকে দেওয়া হয় না। তাই বাধ্য হয়ে লোকাল বাস ভাড়া করি। এতে অবশ্য লাভই হয়। সবাই গল্পগুজব করতে করতে একসঙ্গে যাওয়া যায়।’ সেটাও এক বড় আনন্দ তাঁদের কাছে। আবার ছুটির শেষে ঢাকায় ফেরারও দুশ্চিন্তা নেই বাস থাকার কারণে।

কুড়িগ্রামের উলিপুরের বাসিন্দা আমির আলী। তিনি ঢাকায় রিকশা চালান। তিনিও এভাবে কয়েক বছর ধরে দলবদ্ধ হয়ে ‘লোকাল বাস’ ভাড়া করে ঈদে বাড়িতে যাতায়াত করেন। তিনি জানালেন, এসব বাসের অধিকাংশ চালকের বয়স কম। এত দূরের পথে যাওয়ার অভিজ্ঞতাও থাকে না। ফলে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। এটা জেনেও নিরুপায় হয়েই তাঁরা এসব গাড়ি ভাড়া করেন। 

রাজধানীর গুলিস্তান-ধামরাই গন্তব্যের ঢাকা লিংক ৬ নম্বর বাসের চালক মশিউর বলেন, ‘ঈদের সময় বাড়তি আয় করার জন্য আমরা ঢাকার বাইরে খ্যাপ মারতে যাই। সম্ভব হইলে ফিরা আসি, পরে আবার যাই। আর আইতে না পারলে হেগো লগেই ঈদ করি। ওগো আনন্দ দেইখা ভালোও লাগে, আবার বাড়ির কথা মনে পড়ে। মনটা খারাপ হইয়া যায়।’