প্রস্তুতি কমিটিতে বিএনপিপন্থী শিক্ষকে আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় ভয়াবহ জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশের উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিএনপিপন্থী এক শিক্ষকনেতাকে ওই সমাবেশের প্রস্তুতি কমিটিতে রাখা নিয়ে আপত্তি তুলেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকসমাজ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গি হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আগামীকাল সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এ জন্য ১৫ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, সদস্যসচিব হিসেবে রয়েছেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান। কমিটির সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক কে বি এম মাহবুবুর রহমানও রয়েছেন।
ওই কমিটিতে বিএনপিপন্থী শিক্ষকনেতাকে রাখার বিরোধিতা করে তা পুনর্গঠনের দাবি জানিয়েছেন কমিটির সদস্য ও প্রগতিশীল শিক্ষকসমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমদ। গতকাল শনিবার তিনি প্রস্তুতি কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বরাবর একটি আবেদন করেছেন। এতে বলা হয়, কমিটির সদস্য হিসেবে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ড ও জঙ্গিবাদে মদদদানকারী জামায়াত ও বিএনপির মতাদর্শের নেতৃস্থানীয় শিক্ষক ও কর্মকর্তাদের ডাকা হয়েছে। এ-জাতীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে জঙ্গিবাদবিরোধী কর্মসূচি কতটা সফল হবে, তা প্রশ্নসাপেক্ষ।