অতি প্রয়োজনীয় কয়েকটি কাজ না করে পাবনার রূপপুরে তড়িঘড়ি করে শুরু করা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ‘দৃশ্যমান তৎপরতা’। আগামী ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের প্রাথমিক কাজের উদ্বোধন করবেন।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ইতিমধ্যে সরকারের উন্নয়ন প্রচারের বিলবোর্ডেও এই প্রকল্প স্থান করে নিয়েছে। কিন্তু মাঠপর্যায়ে কাজ শুরু করার মতো প্রস্তুতিই শেষ হয়নি।
মাঠপর্যায়ে কাজ শুরু করার আগে ঢাকায় ও রূপপুরে ‘তথ্যকেন্দ্র’ স্থাপন করার কথা ছিল। এখনো তথ্যকেন্দ্র হয়নি। স্থানীয় জনগণের সমন্বয়ে ‘পাবলিক কাউন্সিল’ গঠন করার বাধ্যবাধকতাও মানা হয়নি। প্রকল্প এলাকায় ৬৩টি সমীক্ষা চালাতে হবে। কিন্তু সমীক্ষাগুলো কী কী তার তালিকাই হয়নি।
সরকারি সূত্রগুলো জানায়, বিদ্যুৎকেন্দ্রটির প্রাক্-নির্মাণকাজের জন্য রাশিয়ার কাছ থেকে প্রায় ৪০০ কোটি টাকা (৫০ কোটি মার্কিন ডলার) ঋণ নেওয়া হয়েছে। কিন্তু এই পর্বের কাজের জন্য ৫০ কোটি ডলার দরকার নেই বলে মনে করেন অভিজ্ঞ ব্যক্তিরা। বিএইসির সাবেক প্রধান প্রকৌশলী আবদুল মতিন বলেন, যে সমীক্ষার জন্য ৪৬ মিলিয়ন (চার কোটি ৬০ লাখ ডলার) ডলারের চুক্তি করা হয়েছে, সেই সমীক্ষায় ২০ মিলিয়ন ডলারের বেশি লাগার কথা নয়।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানও বলছেন, সমীক্ষায় এত টাকা লাগবে না।
সূত্র জানায়, টাকা আনার আগে সমীক্ষার জন্য কোন খাতে কত টাকা লাগবে সে হিসাব করা হয়নি। এতে খাতওয়ারি বেশ কিছু অপব্যয়ের সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। এ ব্যাপারে রুশ সরকারও কিছুটা নাখোশ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান প্রথম আলোকে বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আওয়ামী লীগ যে প্রক্রিয়া অনুসরণ করছে তা বাস্তবসম্মত নয়। এ প্রকল্পের অবস্থাও দেখা যাবে পদ্মা সেতুর মতো হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের নামে যে বিপুল অর্থ আনা হয়েছে, তা লুটপাটে নষ্ট হবে। প্রকল্পটি লোক দেখানো ও লুটপাটের উৎস হবে বলে মনে করেন তিনি।
সরকারি একাধিক সূত্র জানায়, রাশিয়ার কাছ থেকে আনা ৫০ কোটি ডলার সুদসহ পাঁচ বছরে পরিশোধ করতে হবে। কোনো প্রকল্পের সম্ভাব্যতা যাচাই পর্যায়ে এভাবে বিপুল অঙ্কের ঋণ নিয়ে ব্যয় করার নজির নেই।
এই ৫০ কোটি ডলার ঋণের বিষয়টি চূড়ান্ত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা একাধিকবার রাশিয়া সফরে গেছেন। ওই ঋণের সুদ কত হবে, সে বিষয়ে আলোচনার জন্য রাশিয়া ভ্রমণ করেছে ১৬ সদস্যের প্রতিনিধিদল। এ রকম আরও ভ্রমণের উদাহরণ আছে। এর সঙ্গে আছে হেলিকপ্টারে করে নিয়মিত ঢাকা থেকে কিছু লোকের রূপপুরে যাতায়াত।
তথ্যকেন্দ্র: মাঠপর্যায়ে কাজ শুরু করার আগে ঢাকায় ও রূপপুরে তথ্যকেন্দ্র স্থাপন করার কথা ছিল, যেখান থেকে প্রকল্প সম্পর্কে সব ধরনের তথ্য জানতে পারার কথা। দুই দফা সময় বাড়িয়ে গত জুলাই মাসের মধ্যে ঢাকার তথ্যকেন্দ্রটি চালু করার কথা ছিল। কিছুদিন আগে প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছিলেন, চলতি সেপ্টেম্বর মাসে তথ্যকেন্দ্রটি চালু হবে। আর রূপপুর প্রকল্পের পরিচালক শৌকত আকবর বলেছেন, অক্টোবর মাসে এটা চালুর সম্ভাবনা আছে।
আর রূপপুরে তথ্যকেন্দ্র স্থাপনের কাজ এখনো শুরুই করা হয়নি।
স্থানীয় জনগণের সমন্বয়ে ‘পাবলিক কাউন্সিল’ গঠন করার বাধ্যবাধকতাও মানা হয়নি। অথচ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে স্থানীয় জনগণকে জানানো-বোঝানো, তাঁদের মতামত নেওয়া, মানুষের মধ্যে কোনো ভুল ধারণা থাকলে তা দূর করার জন্য এই কাউন্সিল গঠন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) অবশ্যপালনীয় বিধান।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) ওয়েবসাইটেও রূপপুর প্রকল্প সম্পর্কে হালনাগাদ কোনো তথ্য নেই। তাদের ওয়েবপেজের ‘রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্রোজেক্ট ইনফরমেশন কর্নার’-এ ২০১২ সালের প্রথম দিকের দু-তিনটি পত্রিকায় প্রকাশিত ছয়টি প্রতিবেদন দেখা যায়। সেখানে ‘২০১৭-১৮ সালেই চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ শীর্ষক প্রতিবেদনও আছে। অথচ বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার সম্ভাব্য সময় এখন ২০২১-২২ সাল।
মাঠপর্যায়ে কাজ শুরুর আগে প্রকল্প এলাকা সম্পর্কে বার্ষিক পরিবেশ প্রতিবেদন প্রকাশ এবং সে অনুযায়ী পরিবেশনীতি উন্নয়ন আরেকটি অপরিহার্য কাজ। কিন্তু ২০০৯ সাল থেকে প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ শুরু করা হলেও এমন কোনো কাজ করা হয়নি।
প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছিলেন, প্রকল্প এলাকায় ৬৩টি সমীক্ষা চালাতে হবে। কিন্তু সমীক্ষাগুলো কী, তার তালিকা নেই। গত ৯ সেপ্টেম্বর প্রকল্প পরিচালক বলেছেন, ৬০টি বিষয়ে প্রতিবেদন তৈরি করতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, প্রকল্পের সম্ভাব্যতা মূল্যায়ন প্রতিবেদনের জন্য অন্তত ১২টি বিষয়ভিত্তিক সমীক্ষা করে পাঁচ খণ্ডের প্রতিবেদন তৈরি করতে হবে। এই সমীক্ষায় সময় লাগবে ১৫ মাস। এর মাধ্যমে প্রকল্পের কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা সম্পর্কে জানা যাবে।
এ রকম আরও দুটি প্রতিবেদনের বিষয় হচ্ছে—প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণ এবং প্রকল্প এলাকার প্রকৌশলগত জরিপ ও পরিবেশগত সমীক্ষা (সাইট ইঞ্জিনিয়ারিং সার্ভে অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ)। এর প্রতিটির জন্য সময় লাগবে ১৮ মাস করে। তবে তিনটি সমীক্ষার কাজই একসঙ্গে চলবে।
প্রতিবেদন তিনটি তৈরির জন্য সমীক্ষা চালাতে বিএইসি চার কোটি ৬০ লাখ (৪৬ মিলিয়ন ডলার) ডলারের চুক্তি করেছে রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান এনআইএইপি-এএসইর সঙ্গে। আবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই প্রতিষ্ঠানকেই নির্ধারণ করেছে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি সরবরাহ ও নির্মাণকাজের জন্য। ফলে যারা যন্ত্রপাতি সরবরাহ ও বিদ্যুৎকেন্দ্র করবে, তারাই সমীক্ষাগুলো করছে। এতে প্রকল্পের ‘চেক অ্যান্ড ব্যালান্স’ (ভারসাম্য) রক্ষা করা কঠিন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, অ্যাটমস্ট্রয়েক্সপোর্ট (এএসই) হচ্ছে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা। এটি রোসাটমের অধীন একটি প্রকৌশল কোম্পানি। এই কোম্পানি বিদেশে রোসাটমের হয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামো তৈরি করে। এনআইএইপি হচ্ছে এএসইর ব্যবস্থাপনা কোম্পানি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, আইএইএর সাবেক পরিচালক (তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ) জসিমউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, অনেকগুলো বিষয় উপেক্ষা করে যেভাবে তাড়াহুড়া করে প্রকল্পটি মাঠে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা ঠিক হচ্ছে না। উপেক্ষা করা বিষয়গুলো প্রকল্পের জন্য মোটেই অগুরুত্বপূর্ণ নয়। তা ছাড়া প্রকল্পের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হলেও এখন পর্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন কোনো কারিগরি পেশাজীবী দল গঠন করা হয়নি, যারা প্রকল্পটি সার্বিকভাবে তদারক করতে সক্ষম।
গতকাল রোববার ‘রাশিয়া অসন্তুষ্ট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ইয়াফেস ওসমানকে বিদ্যুৎ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী লেখা হয়েছে। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। এ ছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন লেখা হয়েছে। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।