প্রস্তুতি না থাকায় জটিলতা, রাতে ফল প্রকাশের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বপ্রস্তুতি ছাড়াই একসঙ্গে সব কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির কাজ অনলাইনে করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। চার দফায় সময় পিছিয়ে আজ রোববার রাত ১০টা পর্যন্তও ফল প্রকাশ করতে পারেনি শিক্ষাবোর্ড। তবে রাত ১১টার পর ফল প্রকাশের চেষ্টা চলছে। 

রাতে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান রাতে ফল প্রকাশ হবে বলে প্রথম আলোর কাছে আশা প্রকাশ করেন।
তালিকা প্রকাশে দেরি হওয়ায় ঢাকা শিক্ষা বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এক দিন বাড়িয়েছে। ক্লাস শুরুর সময় ১ জুলাইয়ের পরিবর্তে ২ জুলাই নির্ধারণ করা হয়েছে। আর ভর্তি কার্যক্রম চলবে ১ জুলাই পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, মন্ত্রণালয় প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল, যেসব কলেজে শিক্ষার্থীর সংখ্যা ন্যূনতম ৩০০, কেবল ওই সব কলেজে ভর্তির কাজটি হবে অনলাইনে। খসড়া ভর্তি নীতিমালা ও মন্ত্রণালয়ের ফাইলে সেই সিদ্ধান্তের কথা বলা আছে। ফাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সইও আছে। কিন্তু তা মানা হয়নি। শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে সব কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির কাজ অনলাইনে করার সিদ্ধান্ত হয়।
৬ জুন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব এ কাজের উদ্বোধন করেন। কিন্তু কাজটি করার জন্য যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল, তা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড নেয়নি।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কোনো মন্তব্য করেননি। তবে তিনি প্রথম আলোকে বলেন, এতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।
এদিকে আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, ভুলভ্রান্তি যা হয়েছে, এর দায়ভার তাঁর। অনলাইনে ভর্তির কাজটি ভালো পদ্ধতি উল্লেখ করে তিনি বলেন, এই কাজটি শুরু করতে হবে। আগামী বছর থেকে ভর্তির টাকা জমা দেওয়ার কাজও হবে অনলাইনে। আর ভবিষ্যতে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগে কেন্দ্রেই ছাপার ব্যবস্থা করা হবে। কেন্দ্রেই প্রিন্টার রাখা হবে।
এবার এই কাজে ঢাকা বোর্ডকে কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)।
আজ বেলা দেড়টার দিকে এ কাজের সঙ্গে যুক্ত দুজন প্রথম আলোকে বলেন, বিপুলসংখ্যক আবেদন ও বিভিন্নতার কারণে সেগুলো যাচাই করতে সময় কুলিয়ে ওঠা যাচ্ছে না। শিক্ষার্থী ১১ লাখ ৫৬ হাজার জন হলেও মোট আবেদন পড়েছে প্রায় ৩৩ লাখ। অর্থাৎ অনেক শিক্ষার্থীই কয়েকটি করে আবেদন করেছে। আবার নানা ধরনের কোটা আছে। আছে পছন্দক্রম। এসব মেলাতে গিয়ে জটিলতা তৈরি হচ্ছে।
এ ছাড়া পাঁচ হাজারের মতো শিক্ষার্থী সংশোধনের জন্য আবেদন করেছে, সেগুলো ঠিক করতে হয়েছে। সব মিলিয়ে তাঁরা সময়ের সঙ্গে তাল মেলাতে পারছেন না। তাঁরা বলেন, এ জন্য আরও সময় দেওয়া উচিত ছিল। এত কম সময়ে এটি করা খুব কঠিন। ভুলের আশঙ্কাও থাকে। ওই দুজন আরও বলেন, এখন তিনটি দলে ভাগ হয়ে কাজটি হচ্ছে। যদি তিনটি দলের তালিকা একই হয়, তবে সেটি সঠিক হিসেবে গণ্য করে ফল প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা বলেন, মূলত এত বড় মাপের কাজে পূর্ব অভিজ্ঞতা না থাকা এবং সফটওয়্যারের সক্ষমতা ভালোভাবে যাচাই না করেই এই কাজটি করতে গিয়ে কারিগরি সমস্যা হয়। এ কারণে ফল প্রকাশে দেরি হচ্ছে।
বোর্ডের পূর্বঘোষিত সময় অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করার কথা ছিল। এরপর চার দফায় সময় পেছানো হয়।