নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন পাসের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার অনেক দিন থেকেই এটি প্রস্তুত করে রেখেছিল। এবার সংলাপে রাষ্ট্রপতি বললেন, বিল দ্রুত পাস করতে। প্রস্তুতি বহু আগে থেকে ছিল। এই বিল পাসের মাধ্যমে জনগণের ভোট সুরক্ষিত হলো। গণতন্ত্র আরও শক্তিশালী হলো।
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ২২টা সংশোধনী (ইসি গঠনে সংসদে আনা বিল) বিরোধী দলের কাছ থেকে গ্রহণ করা হয়েছে। এটা বিরোধী দলের তৈরি করা বিল হয়ে গেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া নয়, বরং তা রক্ষা করাই আওয়ামী লীগের কাজ বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন তার বড় প্রমাণ।
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি, ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন, স্বচ্ছ ব্যালট বাক্স, জনগণের ভোটের অধিকার রক্ষাসহ সবকিছু আওয়ামী লীগের আন্দোলনের ফসল বলেও উল্লেখ করেন সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের আমলেই দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, জনগণের ভোটের অধিকার নিশ্চিত থাকে।
স্থানীয় সরকার নির্বাচনের সহিংসতা প্রসঙ্গে সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কিছু অঘটন ঘটেছে। সেখানে অনেক সময় এক গ্রামের সঙ্গে আরেক গ্রামের মারামারি হয়। তা থেকে কিছু ঘটনা ঘটেছে। সেটা নির্বাচনী সহিংসতা বলা যাবে না। কিন্তু কিছু মানুষ মারা গেছে, তা দুঃখজনক।
করোনায় খাদ্যের অভাব হবে না
করোনায় আমেরিকার আড়াই কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে জানিয়ে সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, বাংলাদেশের কোনো মানুষ দারিদ্র্যসীমার নিচে যায়নি। সরকারের কাছে ২০ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রয়েছে। সামনে বোরো মৌসুম আসছে। খাদ্যের কোনো অভাব হবে না। তবে কিছু কিছু জায়গায় দাম বাড়ানোর জন্য নানা ধরনের কিছু করা হয়। সেটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই ব্যবস্থা সরকার নিচ্ছে।
প্রধানমন্ত্রী সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, টিকার অভাব হবে না। টিকার জন্য আলাদা বাজেট রয়েছে। সাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।