প্রস্তুতি সভায় দলীয় কোন্দল নিয়ে নেতাদের আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় মহাসমাবেশের প্রস্তুতি সভায় বেশির ভাগ জ্যেষ্ঠ নেতাই দলীয় কোন্দল নিয়ে খোলামেলা কথা বলেছেন। তবে বিদ্যমান কোন্দল সত্ত্বেও সবাই এক হয়ে মহাসমাবেশ সফল করার ওপর গুরুত্ব দিয়েছেন। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত নগরের একটি হোটেলে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, রাবেয়া চৌধুরী, চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির উপদেষ্টা, সদস্য ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকেরা বক্তৃতা করেন। সভায় ১৪টি সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকেরা উপস্থিত ছিলেন।সভায় আবদুল্লাহ আল নোমান বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় রাজপথে বিএনপির আন্দোলন সফল হচ্ছে না। বিভিন্ন এলাকা থেকে গাড়িতে করে হয়তো কিছু লোক এনে মাঠ ভরা যাবে। কিন্তু তাতে আন্দোলনের আসল উদ্দেশ্য সফল হবে না। তিনি বলেন, ‘শুনেছি, চট্টগ্রাম মহানগরে দুই-তিনজনের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। আমি এ সম্পর্কে কিছু জানি না। তাই মহাসমাবেশ সফল করতে আমাদের সবাইকে কাজ করতে হবে।’ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের বিএনপিতে কোন্দল আছে—এ নিয়ে বাইরের নেতারা খোঁচা দিচ্ছেন। এ খোঁচা খেতে আমার খুব ভালো লেগেছে। চট্টগ্রাম বিভাগে ১৪টি সাংগঠনিক জেলা। এখানে চট্টগ্রামের আশপাশের যে সাত জেলা আছে, সেখান থেকে যে পরিমাণ লোক আসবে, বাকি জেলাগুলো থেকে সমপরিমাণ লোক এলেই বিভাগীয় সমাবেশ হবে। তা না হলে বক্তৃতার নামে মঞ্চ ভাঙার দরকার নেই। আর যত লোক আসবে তাদের সবাইকে এক বেলা খাওয়ানোর ব্যবস্থা আমরা করব।’ মীর নাছির বলেন, ‘আমাদের অনেকের মনে দুঃখ-বেদনা আছে। মহাসমাবেশের পর তা নিয়ে কথা বলা ভালো হবে। বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, চট্টগ্রামে বিএনপির কোন্দল নিয়ে অনেক কথা আছে। তবে মহাসমাবেশে যেন তার কোনো প্রভাব না পড়ে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমীর খসরু প্রতি জেলা থেকে অন্তত ১০০ গাড়ি লোক আনার প্রস্তাব করেন। খন্দকার মোশাররফ বলেন, ‘কথা ও কাজে যেন বিভাগীয় সমাবেশ হয়। জনগণের সমস্যা নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে আছি তা আগামী ২৭ মার্চ প্রমাণ করতে হবে।’ তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি জানতে বিএনপি সংসদীয় কমিটি পাঠাবে। সমাবেশ শেষে নেতারা বেরিয়ে যাওয়ার সময় নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন মঞ্চে ওঠে খন্দকার মোশাররফের সঙ্গে কথা বলেন। এ সময় দলের উত্তর জেলা সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সমর্থকেরা তাঁকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ বলে চিত্কার করে।