প্রস্তুতিকালে গণপিটুনি ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে ধরে গণপিটুনি দিয়েছেন গ্রামবাসী। এতে এক ডাকাত নিহত হয়েছেন। তাঁর নাম আবুল হোসেন (২৫)।
মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকার শেখপাড়া গ্রামে তাঁর বাড়ি। আহত অবস্থায় উদ্ধার করা দুজন হচ্ছেন, হবিগঞ্জের পাইকপাড়া বাউসা গ্রামের নাছির উদ্দিন (২০) ও জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রফিক আহমদ (২৫)। গত শনিবার গভীর রাতে জৈন্তাপুরের উমনপুর গ্রাম থেকে ডাকাতদের আটক করা হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত একটার দিকে ডাকাত দল জৈন্তাপুরের উমনপুর গ্রামের নাজমুল হোসেনের বাড়িতে ঢোকার চেষ্টা করে। এ সময় নাজমুল ঘটনাটি মুঠোফোনে গ্রামের লোকজনকে জানান। গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে তিন ডাকাতকে আটক করে গণধোলাই দেন। আশঙ্কাজনক অবস্থায় আটক হওয়া তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত প্রায় সাড়ে তিনটার দিকে আবুল হোসেন মারা যান। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, ডাকাতির ঘটনায় নাজমুল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।