প্রস্তুতিতে আমেজ ছড়াচ্ছে বৈশাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নববর্ষকে বরণ করে নিতে ঘর সাজানোর উপকরণগুলোর জমজমাট কেনাবেচা হচ্ছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায়।  প্রথম আলো
নববর্ষকে বরণ করে নিতে ঘর সাজানোর উপকরণগুলোর জমজমাট কেনাবেচা হচ্ছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায়। প্রথম আলো

আর এক দিন বাদেই পয়লা বৈশাখ। নববর্ষকে বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। রমনা ও চারুকলায় বর্ষবরণের মূল আয়োজনের প্রস্তুতি যেমন চলছে, তেমনি উদ্যাপনে কমতি না রাখতে প্রস্তুতি চলছে ব্যক্তি পর্যায়েও। 

নিজেকে সাজানোর উপকরণের পাশাপাশি বছরের প্রথম দিনটিতে ঘর সাজানোর উপকরণগুলোর জমজমাট কেনাবেচা হচ্ছে বিপণিবিতানগুলোতে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে রাজধানীবাসীর প্রস্তুতির এ চিত্র দেখা গেছে। পুরান ঢাকার চকবাজার, শাঁখারীবাজার, তাঁতীবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, নিউমার্কেট ও শাহবাগের বিবণিবিতানগুলোতে নববর্ষ উপলক্ষে বিক্রি করা হচ্ছে বৈশাখের নানা উপকরণ।
পয়লা বৈশাখে অফিসে নববর্ষের আবহ আনতে গতকাল বুধবার বিকেলে দোয়েল চত্বরে বৈশাখী পণ্য কিনতে এসেছেন একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্মী আফসার আলী ও অর্চি রহমান। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে কিনেছেন ডালা, মাটির হাঁড়ি, একতারা, ডুগডুগি, হাতপাখা ও মাছ ধরার পোলো। অর্চি রহমান বলেন, ‘এই উপকরণগুলো আমাদের লোকসংস্কৃতির উপাদান। আর এগুলো ছাড়া বৈশাখের আবহটাও যেন আসে না।’
মিরপুর থেকে আসা শায়লা করিম এসেছেন বাঁশি, একতারা, টমটম কিনতে। তিনি জানালেন, তাঁর বড় বোন শারীরিক প্রতিবন্ধীদের একটি স্কুল চালান। নতুন বছরের দিনে শিশুদের সঙ্গে নববর্ষ উদ্যাপন করতে সাজানো হবে স্কুল। শিশুরা যাতে দিনটি আনন্দে কাটাতে পারে, সে জন্য খেলনা সামগ্রীও কিনলেন।
নববর্ষ দরজায় কাড়া নাড়ায় বৈশাখী নানা উপকরণের বেচাবিক্রিও আগের তুলনায় বেড়েছে বলে জানান দোকানিরা। দোয়েল চত্বরের সাইফুল স্টোরের বিক্রয়কর্মী শরিফুল ইসলাম বলেন, বৈশাখে সবাই বাসাবাড়ি ও অফিস সাজাতে চায়। এ জন্য এই সময়ে অন্দরসজ্জার উপকরণগুলোর চাহিদাও বেশি থাকে।
বৈশাখের ছোঁয়া লেগেছে ফুটপাতের দোকানগুলোতেও। চুড়ি, নাক ও কানের দুল, হাতপাখার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। নিউমার্কেট, শাহবাগ, দোয়েল চত্বর ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় নববর্ষ উপলক্ষে বাতাসা, সন্দেশ, কদমা, নিমকি, নাড়ু, নারকেলের চিড়া নিয়ে বসেছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা।
পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, চকবাজার এলাকায় নববর্ষ উদ্যাপনের অন্যতম অনুষঙ্গ হালখাতা। প্রস্তুতির কমতি নেই সেখানেও। পয়লা বৈশাখ উদ্যাপনের পাখা, পুতুল, কাগজের ফুল, শুভেচ্ছা কার্ডসহ নানা উপকরণে ভর্তি এই এলাকাগুলোর দোকানপাট।
নতুন বছরের আগমনের বার্তায় এরই মধ্যে পাল্টে গেছে রাজধানীর বিপণিবিতানগুলোর চিত্র। নিউমার্কেট ও শাহবাগের আজিজ সুপার মার্কেট ঘুরে দেখা যায়, বেশির ভাগ দোকানের সামনেই টাঙিয়ে রাখা হয়েছে শুভ নববর্ষ লেখা সাইনবোর্ড। সাজানো হয়েছে দোকানের ভেতরেও। দোকানের নিয়মিত পোশাকের স্থানে এখন শোভা পাচ্ছে নানা বাহারের বৈশাখী পাঞ্জাবি, শাড়ি, ফতুয়া, লুঙ্গি ও গামছা।
ছেলেমেয়েকে বৈশাখের পোশাক কিনে দিতে আজিমপুর থেকে নিউমার্কেটে এসেছিলেন আফসানা আলম। সন্তানদের জন্য কেনাকাটা শেষ। এবার নিজের জন্য বৈশাখী পোশাক কিনতে ঘুরে ঘুরে দেখছিলেন বিভিন্ন দোকান। তিনি বলেন, ‘উদ্যাপনের জন্য বছরে আরও দিন আছে। কিন্তু পয়লা বৈশাখ আমাদের নিজস্ব সংস্কৃতি। মনের মতো উদ্যাপনের সুযোগ পেলেই না শিশুরা বাঙালি সংস্কৃতিটাকে ভালোভাবে জানবে। তাই তাদের উদ্যাপনে যাতে ঘাটতি না থাকে, সেই চেষ্টা করি।’

অনলাইনে বৈশাখী প্রস্তুতি
নববর্ষ উদ্যাপনের প্রস্তুতি চলছে অনলাইনেও। ঘরে বসে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট ঘুরে ঘুরে অনেক ক্রেতাই কিনছেন পছন্দের বৈশাখী পণ্য। বিভিন্ন ফেসবুক পেজও বৈশাখী পোশাকের বিজ্ঞাপন নিয়ে হাজির হচ্ছে। শাড়ি, পাঞ্জাবি, গয়না থেকে সেখানে বিক্রি হচ্ছে চুড়িও। ফেসবুক পেজের মাধ্যমে হাতে নকশা করা শাড়ি বিক্রি করেন উর্মিলা শুক্লা। তিনি বলেন, বৈশাখ উপলক্ষে তৈরি পণ্যে রঙের বৈচিত্র্য আনা হয়েছে। গরমে আরামদায়ক এমন রং লাল, সবুজ ও হলুদকে প্রাধান্য দেওয়া হয়েছে। সাড়াও মিলছে তাতে।