প্রাইভেট ও কোচিং বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইভেট ও কোচিং বন্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ‘শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা’ নামে একটি সংগঠন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনের নেতারা। নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তার নেতৃত্বে এই সংগঠনের সঙ্গে ঢাকার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা জড়িত।লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক ফাদার বেঞ্জামিন কস্তা বলেন, ‘শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানার্জন; কোচিং বা গৃহশিক্ষকের সহায়তায় কোনোক্রমে একটি সনদ অর্জন করা নয়। জ্ঞান হচ্ছে মানুষের অন্তরের আলোস্বরূপ। জ্ঞানী মানুষ হচ্ছে আলোকিত মানুষ। বাতি নিজের জন্য জ্বলে না, সে নিজে পুড়ে তার চারদিক আলোকিত করে। শিক্ষা লাভের সঙ্গে সঙ্গে যাঁর মধ্যে পরিপক্ব বিবেকবোধ জাগ্রত হয়, তিনিই পরিবার, সমাজ ও দেশের প্রকৃত সম্পদ হয়ে ওঠেন।’বেঞ্জামিন কস্তা আরও বলেন, শুধু পাসের হার বৃদ্ধি বা জিপিএ-৫ পাওয়াদের সংখ্যা বৃদ্ধি শিক্ষার মানোন্নয়নের মানদণ্ড হতে পারে না। প্রশ্নোত্তর পর্বে বেঞ্জামিন কস্তা বলেন, ‘কোচিং সেন্টারকে ঘৃণা করি। শিক্ষকেরা যদি ক্লাসে তাঁদের ছাত্রদের সন্তুষ্ট করতে না পারেন, সেটা তাঁদের ব্যর্থতা।’কোচিংয়ের প্রতি ঘৃণার এই বক্তব্য সংগঠনের কি না, সাংবাদিকেরা জানতে চাইলে জবাবে সংগঠনের সদস্য-সচিব ও ঢাকা ইমপিরিয়াল কলেজের অধ্যক্ষ মাহফুজুল হক বলেন, ‘নিশ্চয়ই। আমরা শুধু মৌখিকভাবেই না, আন্তরিকভাবেও ঘৃণা করি। এটা (কোচিং-প্রাইভেট) না করার জন্য আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই ও জানাব।’ তিনি বলেন, প্রাইভেট পড়া শিক্ষকদের চেয়ে ছাত্রদের বেশি নেশায় পরিণত হয়েছে। প্রাইভেট পড়তে উদ্বুদ্ধ করে সমাজ, বিশেষ করে অভিভাবকেরা।এ পর্যায়ে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন, ‘অভিভাবকদের অশুভ প্রতিযোগিতায় আমাদের (শিক্ষক) বদনাম হচ্ছে। সমাজের বদনাম হচ্ছে।’এ সময় ফাদার বেঞ্জামিন কস্তা বলেন, ছাত্র ও শিক্ষকেরা ফাঁকিবাজ হলে গুণগত শিক্ষা হবে কী করে। দেয়াললিখন দেখলে বোঝা যায় শিক্ষার হাল কী।সংবাদ সম্মেলনে উচ্চমাধ্যমিকের পর স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি ফলাফলের ভিত্তিতে করারও কথা ওঠে। বেঞ্জামিন কস্তা বলেন, এ সমস্যা নিয়ে আগামী মাসে নটর ডেম কলেজে একটি সেমিনার অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। সেমিনারের মতামত ও প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।২০০৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার চিত্রও তুলে ধরেন বেঞ্জামিন কস্তা।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম, হাবীবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ আবুবকর চৌধুরী, সিদ্ধেশ্বরী মহিলা কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদা আক্তার, রাজউক উত্তরা মডেল স্কুল কলেজের উপাধ্যক্ষ নাজমা আক্তার বানু, আগারগাঁও তালতলা স্কুল ও কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান হাওলাদার প্রমুখ।