প্রাইভেট ও কোচিং-বাণিজ্য বন্ধে গঠিত সরকারি নীতিমালা বাস্তবায়ন কমিটিগুলোর নিষ্ক্রিয়তার সুযোগে গাইবান্ধার চারটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক অবাধে প্রাইভেট পড়াচ্ছেন।জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষক তাঁর নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে পারবেন না। তবে প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি নিয়ে অন্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ ১০ শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন। প্রতিষ্ঠানের প্রধান প্রাইভেট ও কোচিং-বাণিজ্য বন্ধে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবেন এবং প্রচারণা চালাবেন।নীতিমালা বাস্তবায়নের জন্য জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা কমিটির প্রতিনিধি নিয়ে বাস্তবায়ন কমিটি গঠিত হয়। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষক কোচিং-বাণিজ্যে জড়িত থাকলে কর্তৃপক্ষ তাঁর বেতন-ভাতা স্থগিত করতে এবং তাঁকে বরখাস্ত করতে পারবে।কিন্তু নীতিমালা প্রণয়নের আট মাস পেরিয়ে গেলেও কোচিং ও প্রাইভেট-বাণিজ্য বন্ধে বাস্তবায়ন কমিটিগুলো কোনো উদ্যোগ নেয়নি। প্রধান শিক্ষকেরাও মতবিনিময় দূরের কথা, বরং বিষয়টি নিয়ে নীরবতা পালন করছেন। এই সুযোগে অবাধে চলছে প্রাইভেট ও কোচিং-বাণিজ্য। জেলার চারটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কতিপয় শিক্ষক প্রাইভেট পড়ার জন্য শ্রেণীকক্ষেই শিক্ষার্থীদের চাপ দেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে শিক্ষার্থীরা প্রাইভেট পড়তে বাধ্য হচ্ছে।সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্র বলে, ‘প্রাইভেট না পড়লে বার্ষিক পরীক্ষায় নম্বর কম দেওয়া হয়। এই ভয়ে আমরা বাধ্য হয়ে বিদ্যালয়ের স্যারদের কাছে প্রাইভেট পড়ছি। এসব শিক্ষক নিজ বাড়িতে কিংবা ভাড়া করা বাড়িতে প্রাইভেট পড়াচ্ছেন। অনেক শিক্ষক ছুটির পর বিদ্যালয়েই কোচিংয়ের নামে প্রাইভেট পড়ান।’প্রাইভেট পড়ানোর অভিযোগ রয়েছে এমন শিক্ষকদের মধ্যে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান, আসমা আক্তার, আবু সাঈদ, ইসমাইল হোসেন, খলিলুর রহমান, সুফি নুরুন্নবী; গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত কুমার বর্মণ, ইউনুস আলী, আবুল কালাম আজাদ; সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, আবদুর রাজ্জাক, নজরুল ইসলাম; সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, রওশন আলম, মশিউর রহমানের নাম উল্লেখযোগ্য।নজরুল ইসলাম ও ইউনুস আলী জানান, অভিভাবকদের অনুরোধে কিছু শিক্ষার্থীকে তাঁরা পড়াতে বাধ্য হচ্ছেন। তবে সরকারি নীতিমালা মেনেই তা করছেন। অন্য শিক্ষকেরাও একই কথা বলেন।গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘জেলা পর্যায়ে নীতিমালা বাস্তবায়ন কমিটি থাকলেও তাদের কোনো ভূমিকা নেই। তিনি নিজ উদ্যোগে শিক্ষকদের কোচিং ও প্রাইভেট-বাণিজ্যে না জড়ানোর নির্দেশ দিয়েছেন। এমনকি শিক্ষার্থীদের প্রাইভেট না পড়ার জন্যও উৎসাহ দিচ্ছেন। তার পরেও কোনো শিক্ষক বাড়িতে প্রাইভেট পড়াতে পারেন। তবে সেটা আমার জানা নেই।’ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরাও একই রকম মন্তব্য করেন। চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা জানান, প্রাইভেট পড়ানোর জন্য কোনো শিক্ষক তাঁদের কাছ থেকে অনুমতি নেননি। জেলা প্রশাসক কাজী আজহারুল হক নীতিমালা বাস্তবায়ন কমিটিগুলোর নিষ্ক্রিতার কথা স্বীকার করে বলেন, কমিটিগুলো সক্রিয় রাখার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাইভেট পড়ানো বন্ধে গঠিত জেলা কমিটির সদস্যসচিব ও জেলা শিক্ষা কর্মকর্তা আজাহার আলী বলেন, এত দিন তদারকি করা হয়নি। তবে এখন সভাপতির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।