মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় মাধ্যমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রায় দেড় মাস আগে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে প্রাইভেট ও কোচিংয়ে জড়িত শিক্ষকদের তালিকা চাওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এর জবাব দেওয়া হয়নি।
তিন উপজেলার মাধ্যমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, কুলাউড়ায় ৪টি কলেজ, ৩৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭টি মাদ্রাসা; জুড়ীতে ৩টি কলেজ, ১৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি মাদ্রাসা এবং বড়লেখায় ৬টি কলেজ, ৩৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি মাদ্রাসা রয়েছে। ২৭ জুলাই মৌলভীবাজারের জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জেলার ৭টি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে প্রাইভেট ও কোচিংয়ে জড়িত শিক্ষকদের তালিকা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ জুলাই কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁদের এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে চিঠি দিয়ে এ ব্যাপারে তথ্য চান। কুলাউড়া ও জুড়ীতে ৩ কার্যদিবস এবং বড়লেখায় ৭ কার্যদিবসের মধ্যে শিক্ষকদের নামের তালিকা পাঠাতে বলা হয়।
গতকাল রোববার পর্যন্ত তিন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে কোনো তালিকা পৌঁছায়নি।
নাম প্রকাশ না করার শর্তে তিন উপজেলার অন্তত ১০ জন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের এলাকায় ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, রসায়ন, পদার্থ ও কম্পিউটার শিক্ষা বিষয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা কোচিং করান। এ ছাড়া কিছু শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরেও প্রাইভেট পড়ান।
বড়লেখার একজন অভিভাবক বলেন, নতুন ক্লাসে ওঠার পরই এখন ছাত্ররা প্রাইভেট পড়তে বা কোচিং করতে ব্যস্ত হয়ে ওঠে। বাড়িতে অভিভাবকদের চাপাচাপি করতে থাকে। স্কুলের বিষয়ভিত্তিক স্যারের কাছে প্রাইভেট না পড়লে নাকি পরীক্ষার খাতায় নম্বর কম মেলে। স্কুলের পড়ায় (পাঠদান কার্যক্রম) তাদের (ছাত্র) আগ্রহ কমে গেছে। এর কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।
কুলাউড়া পৌর শহরে অবস্থিত কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন ও নবীন চন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন গতকাল মুঠোফোনে বলেন, তাঁদের প্রতিষ্ঠানের কোনো শিক্ষক প্রাইভেট পড়ানো ও কোচিংয়ের সঙ্গে জড়িত নন। এরপরও সবাইকে নোটিশ দিয়ে চিঠির বিষয়টি জানানো হয়েছে। এখনো তাঁরা চিঠির জবাব দেননি।
জুড়ী উপজেলা সদরে অবস্থিত জুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস বলেন, ‘চিঠি পাওয়ার পর স্কুলের সব শিক্ষককে ডেকে প্রাইভেট ও কোচিংয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছি। চিঠির জবাব এখনো পাঠাইনি।’
কুলাউড়ার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার বলেন, ‘কুলাউড়ায় কোনো শিক্ষক কোচিং সেন্টারের সঙ্গে জড়িত নন। দু-তিনটা প্রতিষ্ঠানে কিছু শিক্ষক প্রাইভেট পড়ানোর সঙ্গে জড়িত ছিলেন। এসব শিক্ষক আর প্রাইভেট পড়াবেন না বলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন বলে শুনেছি। তবে এখনো তাঁদের তালিকা পাইনি।’
জুড়ীর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শহিদুল ইসলাম বলেন, এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চিঠির জবাব পাওয়া যায়নি। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ ব্যাপারে তাগিদ দেওয়া হচ্ছে।
বড়লেখার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল হক দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ মো. আবদুল ওয়াদুদ মুঠোফোনে বলেন, ‘প্রাইভেট পড়ানো ও কোচিং-বাণিজ্য বন্ধে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাব কেন পাওয়া যাচ্ছে না, বুঝে উঠতে পারছি না। ২৪ আগস্ট জেলায় সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে দ্রুত তালিকা পাঠাতে সব উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলে দিয়েছি।’