প্রাইভেট কার আতঙ্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক কর্মকর্তা আওয়াল মাহবুব রনি। তাঁর স্ত্রী ও শিশুকে নিয়ে রিকশা করে নগরের মনসুরাবাদের বাসা থেকে সকালবেলা ষোলশহর ২ নম্বর গেট এলাকায় যাচ্ছিলেন বাসে উঠতে। উদ্দেশ্য ব্যাংকের আয়োজনে কক্সবাজার পিকনিকে যাবেন। কিন্তু তাঁদের বহনকারী রিকশাটি নগরের ওয়াসা মোড় এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেট কারে করে এসে ছোঁ মেরে ছিনতাইকারীরা তাঁর স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয়। মুহূর্তেই রিকশা থেকে মাটিতে পড়ে যান তাঁর স্ত্রী ফারজানা আক্তার রানী ও দেড় বছরের শিশুকন্যা আনিসা। আহত হন আওয়ালও। গত ২৮ মার্চ সকাল সাতটা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
কিন্তু পিকনিকে আর যাওয়া হলো না ওই দম্পতির। গুরুতর আহত হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এখনো। নগরের নিউমার্কেট শাখা ঢাকা ব্যাংকের কর্মকর্তা আওয়াল মাহবুব রনি প্রথম আলোকে বলেন, ‘রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় আমার স্ত্রী এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ওই ব্যাগে নগদ ১২ হাজার টাকা, মুঠোফোন, ঘরের চাবিসহ মূল্যবান জিনিসপত্র ছিল।’
ভোর থেকে সকাল আটটা পর্যন্ত নগরে প্রাইভেট কার নিয়ে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। গত তিন মাসে প্রাইভেট কার নিয়ে কতটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তার কোনো তথ্যও নেই পুলিশের কাছে। পুলিশের দাবি, ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করেন না। তবে সোর্সের মাধ্যমে ছিনতাইয়ের ঘটনার তথ্য পাওয়ার পর মাঠে নেমেছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, ‘ইদানীং সাদা প্রাইভেট কার নিয়ে বাস ও রেলযাত্রীদের জিনিসপত্র কেড়ে নেওয়ার খবর পাচ্ছি। তাদের ধরতে গোয়েন্দা পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।’
কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, ‘কয়েকটি সাদা প্রাইভেট কারে করে ছিনতাইকারীরা বাস ও রেলযাত্রীদের মালামাল ছিনিয়ে নিচ্ছে মৌখিকভাবে অভিযোগ পাওয়ার পর আমরা কাজ শুরু করেছি। কিন্তু যেসব গাড়ির নাম্বার পেয়েছি সেগুলো রাস্তায় নামে না। আর গাড়িগুলো ভোরবেলা ছিনতাইয়ের পর আর পাওয়া যায় না। একেক দিন একেক নাম্বার প্লেট লাগিয়ে রাস্তায় নামে। প্রাইভেট কার হওয়ায় সহজে কাউকে সন্দেহ কিংবা তল্লাশিও করা যায় না।’