প্রাইভেট কার খাদে, ঝরে গেল দুই শিশু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার খোকসা উপজেলায় আজ মঙ্গলবার চালক নিয়ন্ত্রণ হারালে একটি প্রাইভেট কার সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে প্রাইভেট কারের আরোহী দুই শিশু ঘটনাস্থলে নিহত হয়। আহত হয়েছেন শিশু দুটির বাবা-মা।
দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মোড়াগাছা নামক স্থানে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
নিহত শিশু দুটির নাম তাহিয়া (৪) ও তাথৈ (২)। তাদের বাবা-মায়ের নাম জাহিদুল ও তন্বী। আহত বাবা-মাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত শিশু দুটি কুষ্টিয়ার পৌরসভার মেয়র আনোয়ার আলীর নাতনি। তারা প্রাইভেট কারে করে বাবা-মায়ের সঙ্গে ঢাকা থেকে কুষ্টিয়া আসছিল। পৌরসভার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।