প্রাইভেট কার খাদে পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু
সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই নামক স্থানে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট সদর উপজেলার উপসহকারী ভূমি কর্মকর্তা আশিকুজ্জামান তাঁর মা আনজুমান আরা বেগম, চাচি আনোয়ারা বেগম, স্ত্রী হুমায়রা বেগম, দুই ছেলে এবং বাসার কাজে মেয়েকে নিয়ে একটি প্রাইভেট কারে জকিগঞ্জ উপজেলার হাকিডহর গ্রামে নিজেদের বাড়িতে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন আশিকুজ্জামান নিজেই। বিয়ানীবাজারের চারখাই নামক স্থানে পৌঁছানোর পর তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। পরপরই এলাকাবাসী উদ্ধারের চেষ্টা চালায় এবং পুলিশকে খবর দেয়। আশিকুজ্জামান, তাঁর বড় ছেলে রিদম (৪) এবং কাজের মেয়ে লুৎফাকে (১২) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা গেলেও অন্যরা গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে আনজুমান আরা বেগম (৫০), আনোয়ারা বেগম (৪০), হুমায়রা বেগম (২৫) ও আবিদুজ্জামান রুদ্রের (দেড় বছর) লাশ উদ্ধার করা হয়।আনজুমান আরা সিলেট জেলা প্রশাসনের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। তাঁর স্বামীর নাম আবদুল আহাদ। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ভাঙাচোরা সড়কে অসতর্ক হয়ে গাড়ি চালানোর জন্য এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই চারজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।