প্রাইভেট কার চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনের খাদ থেকে পুলিশ প্রাইভেট কারের চালক জসিম উদ্দিনের লাশ উদ্ধার করেছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এ লাশ উদ্ধার করেন। নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক টুটুল মজুমদার জানান, উদ্ধারের সময় জসিম উদ্দিনের (২৩) হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো ছিল। তাঁর শরীরে জখমের চিহ্নও রয়েছে। তবে তাঁকে শ্বাসরোধ করে মারা হয়েছে বলে প্রাথমিক সুরতহালে ধারণা করা হচ্ছে। টুটুল মজুমদার আরও জানান, জসিম উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের মাদারবাড়ী গ্রামের নুরুল হকের ছেলে। নুরুল হক জানান, জসিম উদ্দিন উপজেলার কেরানীহাটের জিয়াউল হক রেন্ট-এ-কার থেকে ভাড়ায় গাড়ি চালাতেন। কিন্তু গত শুক্রবার রাতে বাড়ি ফেরেননি। মুঠোফোনেও তাঁকে পাওয়া যায়নি। খবর পেয়ে রাউজান থানায় ছুটে এসে জসিম উদ্দিনের লাশ শনাক্ত করেন বলে জানান তিনি। রেন্ট-এ-কারের তত্ত্বাবধায়ক জিয়াউল হক জানান, জসিম উদ্দিন মো. জাহাঙ্গীর আলমের এলিয়ন মডেলের প্রাইভেট কার (চট্ট মেট্রো-চ-১২-৫১৪৭) চালাতেন। গত শুক্রবার বিকেলে তিন যুবক পটিয়ার বাসিন্দা পরিচয় দিয়ে কাপ্তাইয়ে বিয়ের আকদ অনুষ্ঠানে যাওয়ার জন্য তাঁর প্রাইভেট কারটি ভাড়া করে। যারা রাতের কোনো এক সময় যাওয়ার পথে রাউজানের নোয়াপাড়া এলাকায় জসিম উদ্দিনের হাত-পা বেঁধে শ্বাসরোধ করে মেরে প্রাইভেট কারটি নিয়ে পালিয়ে যায়।