প্রাইভেট কার-বাস মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
নরসিংদীর সদর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।উপজেলার বাসাইল এলাকার আবদুল কাদির মোল্লা সিটি কলেজের প্রধান ফটকের সামনে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সালাহউদ্দিনের স্ত্রী নুরুন নাহার কোহিনুর (৪২), কোহিনুরের মা সানজিদা বেগম (৭২), প্রাইভেট কারের চালক মো. সাজিদ (২৫), গৃহপরিচারিকা নাসিমা বেগম (২২) ও সুজানা বেগম (২০)।এ ছাড়া সালাহউদ্দিনের দুই বছরের ছেলে সাফায়াত ও তিনি গুরুতর আহত হয়েছেন। তাঁদের বাড়ি হবিগঞ্জে এবং তাঁরা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার ও ঢাকা থেকে মনোহরদীগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সালাহউদ্দিন তাঁর পরিবার নিয়ে ঢাকা থেকে হবিগঞ্জ সদর উপজেলা শহরে বেড়াতে গিয়েছিলেন। গতকাল ঢাকায় ফেরার পথে নরসিংদীতে তাঁরা এ দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় বাসটি রাস্তায় উল্টে যায় এবং প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। পরে আহত ব্যক্তিদের পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকায় এনে গুরুতর আহত সালাহউদ্দিনকে ল্যাবএইড হাসপাতাল এবং সাফায়াতকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত অন্য ব্যক্তিরা হলেন: নরসিংদীর সদর উপজেলার কেন্দুয়া গ্রামের রোজিনা বেগম, মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার নজরুল ইসলাম, পলাশ উপজেলার শাহীনুর বেগম, মাধবদী এলাকার আছমা বেগম, পাঁচদোনা এলাকার রত্না বেগম, ভেলানগর এলাকার শাহানুর বেগম, নরসিংদী মূলপাড়া এলাকার টিপু এবং নরসিংদী বিলাসদী এলাকার আকলিমা হক। এ ছাড়া বিলকিস সুলতানাসহ হবিগঞ্জের আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রাইভেট কারে পাঁচজনের জায়গায় আটজন যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী বহন এবং অসাবধানতায় গাড়ি চালানোর কারণেই মূলত এ দুর্ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সীতাকুণ্ডে নিহত ৩সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাকায় গত বুধবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা এলাকায় শিবপুরগামী সিএনজিচালিত অটোরিকশা ও চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মো. মফিজ উদ্দিন (৩২), দীপক দাশ (৩৫) এবং অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৩৪) নিহত হন। দীপক দাশের বাড়ি পৌর সদরের আমিরাবাদ এলাকায়। নিহত অপর দুজনের ঠিকানা জানা যায়নি। এ সময় আরও দুজন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট মো. রায়হান জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেছে।