প্রাইভেট কার বেশি চুরি হয় বনানীতে
প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা এস এম সদরুল আলমের প্রাইভেট কারটি গত বছরের ১০ ফেব্রুয়ারি বনানীর ইকবাল সেন্টারের সামনে থেকে চুরি হয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত তাঁর গাড়িটি উদ্ধার করতে পারেনি পুলিশ। সদরুল আলম ক্ষোভের সঙ্গে প্রথম আলোকে বলেন, ‘এক বছর আগে বনানী থেকে আমার গাড়িটি চুরি হলো। বনানী থানায় মামলা করলাম। কিন্তু পুলিশ আমার গাড়িটি উদ্ধার করতে পারেনি। এত দিনে গাড়ি পাওয়ার আশা ছেড়ে দিয়েছি।’
বনানী থানার বিভিন্ন এলাকা থেকে গত দুই বছরে সদরুলের মতো ৫৮ জনের প্রাইভেট কার চুরি হয়ে গেছে। কিন্তু এসব গাড়ি উদ্ধার হয়েছে খুব কমই। বিগত ১০ মাসে প্রাইভেট কার চুরির ঘটনায় দায়ের করা ১৪টি মামলার একটি গাড়িও উদ্ধার করতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরের ৪৯টি থানার মধ্যে বনানী থানায় প্রতিবছর সবচেয়ে বেশি প্রাইভেট কার চুরি হয়। বিশেষ করে বনানীর ১১ ও ১৭ নম্বর রোড, কামাল আতার্তুক রোড, স্টার কাবাব, ইকবাল সুপার মার্কেট, বনানী সুপার মার্কেট এবং এআইউবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে থেকে চুরি হয় বেশি।
বনানী এলাকায় গাড়ি চুরি হয় বেশি, এমন তথ্য স্বীকার করেন গুলশান জোনের সহকারী কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, ঢাকা মহানগরের মধ্যে গুলশান অঞ্চলে প্রাইভেট গাড়ির ব্যবহার সবচেয়ে বেশি। রাস্তায় গাড়ি পার্কিং করে রাখা হয় বেশি। সে কারণে বনানী এলাকা থেকে প্রাইভেট কারও বেশি চুরি হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঢাকা মহানগরে প্রতিবছর ৩০০ থেকে ৪০০ প্রাইভেট গাড়ি চুরি হয়। বনানীর পর বেশি গাড়ি চুরি হয় উত্তরা পূর্ব ও পশ্চিম এলাকাতে। এ ছাড়া গুলশান, ভাটারা, ধানমন্ডি ও কলাবাগান এলাকায় প্রাইভেট কার তুলনামূলকভাবে অন্যান্য এলাকা থেকে বেশি চুরি হয়।
বনানী থানার মামলার (নম্বর ২২(৯)১৫) নথিতে দেখা গেছে, গত ১৯ সেপ্টেম্বর ঢাকা মেট্রো-গ-১৩০৩১৭ নম্বরের গাড়িটি বনানীর ১৭ নম্বর রোডের সুবাস্তু বিল্ডিংয়ের সামনে সাড়ে তিনটার দিকে পার্কিং করে রেখে যান গাড়িটির মালিক ব্যবসায়ী মঞ্জুর হোসেন। কিন্তু আধা ঘণ্টা পর মঞ্জুর হোসেন দেখেন, গাড়িটি আর নেই। ব্যবসায়ী মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন, ‘চার মাস হতে চলল, আমার গাড়িটি এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।’
আরেকটি মামলার নথিতে দেখা গেছে, গত ১৫ জুলাই সকাল সাতটায় বনানীর নিউ এয়ারপোর্ট রোডের এইচ ৮৪, হাজি সাহাব উদ্দিন ম্যানশনের সামনে ৬০ লাখ টাকা দামের একটি পাজেরো গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১১-৩২১৪) রেখে অফিসে ঢোকেন ব্যবসায়ী এইচ এস প্রপার্টিজের পরিচালক মুছাউল বাবর। গাড়ি রেখে যাওয়ার এক ঘণ্টা পর এসে দেখেন, গাড়িটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় বনানী থানায় সেদিন মামলা হয়। এ ব্যাপারে মুছাউল বাবরের ভাই হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘কয়েক মাস হয়ে গেলেও আমাদের গাড়িটি উদ্ধার করতে পারেনি পুলিশ। এখন গাড়ি পাওয়ার আশা ছেড়ে দিয়েছি।’
মামলার নথিতে দেখা গেছে, বনানী এলাকা থেকে রেকর্ড সংখ্যক গাড়ি চুরির ঘটনায় মামলা হলেও শেষ পর্যন্ত অধিকাংশ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে পারেনি পুলিশ। ফলে অধিকাংশ মামলায় পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
গত বছরের ১৮ জুন বনানী থানার স্টার কাবাবের সামনে থেকে সালাহউদ্দিন আহমেদ নামের এক ব্যবসায়ীর প্রাইভেট কার চুরি হয়। এ ঘটনায় মামলা করলেও গাড়ি উদ্ধার করতে পারেনি পুলিশ। সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অনেক চেষ্টা করেছি। এখন আমি আশা ছেড়ে দিয়েছি।’