প্রাইভেট কারসহ দুই চোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় চুরি করা প্রাইভেট কারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম ও দেলোয়ার হোসেন।
গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের খুলশী গরীব উল্লাহ শাহ মাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা প্রথম আলোকে বলেন, গত ১২ সেপ্টেম্বর কুমিল্লার কোতোয়ালি কান্দিরপাড় এলাকায় চালক ঘুমিয়ে পড়লে তাঁকে রেখে গাড়ি চুরি করে নিয়ে যান চোরেরা।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জাহাঙ্গীর আলম পুলিশের কাছে স্বীকার করেন, তিনি এবং তাঁর বন্ধু মো. দেলোয়ার ঘটনার দিন নগরের অলংকার মোড় থেকে কুমিল্লা যাওয়ার কথা বলে গাড়িটি আট হাজার টাকায় ভাড়া করে কুমিল্লা রওনা দেন। পরে তাঁরা হোটেলে ওঠেন। গাড়িচালক ঘুমিয়ে পড়লে চুপিসারে গাড়ির চাবি নিয়ে গাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা এলাকায় নিয়ে গাড়ির নম্বরপত্র এবং কাগজপত্র ফেলে দেন। পরে নতুন নম্বরপ্লেট লাগিয়ে চট্টগ্রাম শহরে চলে আসেন এবং ভুয়া কাগজপত্র তৈরি করে ভাড়ায় চালাচ্ছেন। আসামিরা পুলিশের কাছে আরও স্বীকার করেন, তাঁরা উভয়েই চালক।