প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাজধানীর খিলগাঁও উড়াল সেতুতে দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় গতকাল শনিবার নাসির সরদার (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে খিলগাঁও উড়াল সেতুতে একটি প্রাইভেট কার পেছন থেকে নাসিরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ও মোটরসাইকেলের পেছনে বসা তাঁর বন্ধু ইসলাম হোসেন রাস্তায় ছিটকে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে নয়টার দিকে নাসির মারা যান। ইসমাইলের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। নাসির ৩২ নম্বর দক্ষিণ মান্ডায় থাকতেন। তিনি গাড়ির টায়ার-টিউব বিক্রি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাঁর বাবার নাম আবদুল জলিল। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চালক প্রাইভেট কারটি নিয়ে পালিয়ে গেছেন। বৃদ্ধ নিহত: এর আগে গতকাল দুপুরে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় বেপরোয়াগতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৭৫ বছরের এক বৃদ্ধ আহত হন। বিল্লাল হোসেন নামে এক পথচারী তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি।